বারবার 'ভুয়া' তুমি খেয়ে যাও ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে র‍্যাবের অভিযানে আবার আটক হয়েছেন কথিত চিকিৎসক বদিউল আলম চৌধুরী (৬৬)। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ওই সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক। আদালত একই সঙ্গে ভুয়া ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দেন।
বদিউল আলম চৌধুরী ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। এর আগে তিনি একই কর্মকাণ্ডের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
র‍্যাব ফরিদপুরের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, এর আগেও এই ভুয়া চিকিৎসককে শহরের গোয়ালচামট হাজরাতলা এলাকার সুমনা ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই দণ্ড ভোগ করা শেষ করে ওই ব্যক্তি আবার ডাক্তারি পেশার নামে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে অর্থ উপার্জন করে আসছিলেন।
নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক বলেন, ভুয়া চিকিৎসক বদিউল আলম চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন ভুয়া চিকিৎসককে চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়ায় ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।