বারডেম হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারডেম হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুটি মামলা করা হয়।
শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান এ দুই মামলায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন এবং আগামী ২৮ মের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।
মারধর, ভাঙচুর ও চুরির অভিযোগে সকালে প্রথমে মামলা করেন বারডেম হাসপাতালের পক্ষে জ্যেষ্ঠ নিরাপত্তা সুপারভাইজার মানিক মোল্লা। মামলায় ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়া রোগী সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়। এরপর অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে পাঁচ চিকিত্সকের বিরুদ্ধে মামলাটি করেন ফারহানা নাসরিন।
বারডেম হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় অপর যে তিনজনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) ইসহাক হোসেন ও আবির হোসেন। মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩২৬/৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিযোগ করা হয়, সিরাজুল ইসলাম ডায়াবেটিসের রোগী। ৯ এপ্রিল তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন। ১৩ এপ্রিল রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আসামিরা ও তাঁদের সঙ্গীয় লোকজন দফায় দফায় হাসপাতালের চিকিত্সক, স্টাফ ও নার্সদের ওপর চড়াও হন এবং গালমন্দ করেন। একপর্যায়ে আসামিরা চিকিত্সক আনোয়ার, ফিরোজ ও কল্যাণ দেবনাথকে মারধর করেন। চিকিত্সক শামীমাকে বাথরুম থেকে টেনে বের করে মারধর করেন। আসামিরা হাসপাতালের বিভিন্ন জিনিস ভাঙচুর করে এক লাখ ৮৭ হাজার টাকার ক্ষতি করেন।
ফারহানা নাসরিনের করা মামলায় বারডেম হাসপাতালের চিকিত্সক আজাদ, শামীমা আক্তার, ফিরোজ আমিন, কল্যাণ দেবনাথ ও আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০৪ক/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিযোগ করা হয়, ১৩ এপ্রিল বারডেমে চিকিত্সাধীন সিরাজুল ইসলামের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করেন পরিবারের সদস্যরা। কিন্তু চিকিত্সকেরা রোগীর পরিবারের সদস্যদের আকুতিমিনতির পরও সিরাজুল ইসলামকে অক্সিজেন সরবরাহ করেননি। চিকিত্সকদের এই অবহেলার কারণে রাত সোয়া আটটায় সিরাজুল ইসলাম মারা যান।
দুপুর ১২টার দিকে এ দুই মামলার বিষয়ে শুনানি হয়। বিকেলে আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে ২৮ মে প্রতিবেদন দাখিল করতে হবে।
মারধর ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বারডেম হাসপাতালের চিকিত্সকেরা ১৫ ও ১৬ এপ্রিল কর্মবিরতি পালন করেন। পাশাপাশি তাঁরা শাহবাগে সড়ক অবরোধ করেন। অন্যদিকে চিকিত্সায় অবহেলার জন্য দায়ী দুই চিকিত্সককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার মানববন্ধন করেন সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা।