বারডেম হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনের গা ঘেঁষে হোটেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনের দেয়াল ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে একটি হোটেল। সেখানে রান্নার কাজে গ্যাস ও কোরোসিনের চুলা ব্যবহারের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ দুর্ঘটনার আশঙ্কা করছে। এই আশঙ্কার কথা জানিয়ে গত দুই বছরে অন্তত ছয়বার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠিও দিয়েছে তারা। কিন্তু কোনো প্রতিকার মেলেনি।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বারডেমের বৈদ্যুতিক সাবস্টেশনটির অবস্থান হাসপাতালের বিশেষজ্ঞ চেম্বার কমপ্লেক্স-সংলগ্ন দক্ষিণ ফটকের কাছে। ওই ফটক থেকে বেরিয়ে বাঁয়ে ঘুরলেই শাহবাগ পদচারী-সেতু। এই সেতু আর বারডেমের বৈদ্যুতিক সাবস্টেশনের মাঝের সরু জায়গায় কীভাবে একটি দোতলা স্থপনা উঠে গেল, তা এখানকার সবার কাছেই বিস্ময়। এই স্থাপনার নিচতলায় হোটেল। সেখানে একটি মুদি ও একটি ফ্লেক্সিলোডের দোকানও আছে।
এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএসসিসিকে দেওয়া এক চিঠিতে বারডেমের হাসপাতাল ও প্রশাসনবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল হক মল্লিক বলেন, সাবস্টেশনের দেয়ালের ওপারে মাত্র এক-দেড় হাতের মধ্যে গ্যাস-কেরোসিনের মতো দাহ্য পদার্থের ব্যবহার যেকোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তাতে সাবস্টেশনটিতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। চিঠিতে তিনি ওই হোটেলসহ হাসপাতালের চারপাশে ফুটপাতের ওপর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএসসিসি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
আনুমানিক ১০ বাই ১৫ ফুট আয়তনের হোটেলটিতে ঢুকে দেখা যায়, এর এক অংশে চুলায় রান্না চলছে। অন্য অংশে খাবারের জন্য টেবিল-চেয়ার পাতা। এই ঘিঞ্জি পরিবেশে খাবারের টেবিলের নিচেই স্তূপ করে রাখা কয়েক বস্তা চাল-ডালসহ অন্যান্য সামগ্রী। হোটেলে বসলেই বারডেম হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনটিতে লাগানো এগজস্ট ফ্যানটি চোখে পড়ে। হোটেলের রান্নাঘর থেকে সাবস্টেশনের দূরত্ব বড়জোর দুই হাত। বাইরে ফুটপাতের ওপরেই পদচারী-সেতুটির রেলিংয়ের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে চারটি গ্যাসের সিলিন্ডার ও কয়েকটি তেলের কনটেইনার।
হোটেলটি পরিচালনার জন্য সিটি করপোরেশন থেকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে সেখানে কর্মরত বাবুল বিশ্বাস নামের এক ব্যক্তি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। মালিক বলতে পারবেন।’ মালিকের নাম জানতে চাইলে হোটেলের ক্যাশবাক্সে বসে থাকা সুজন দাশ নামের আরেকজন বলেন, ‘মালিকের নাম নবাব মোল্লা। গোপালগঞ্জে বাড়ি।’ তাঁদের কাছে মালিকের মুঠোফোন নম্বর চাইলে দুজনেই বলেন, নম্বর নেই।
অভিযোগ আছে, হোটেলটিতে বিদ্যুতের সংযোগ অবৈধ। রান্নার কাজে যে পানি ব্যবহার করা হয়, তা হাসপাতাল থেকে জোর করে নেওয়া হয়।
শাহবাগের এই অংশটুকু পড়েছে ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের আওতায়। দোতলা এই স্থাপনা ও হোটেলটির বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কমিশনার ফরিদ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, দুই মাস আগেই হোটেলসহ ওই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছিল। আবার সেটা গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, এটা দ্রুত উচ্ছেদ করা উচিত। কারণ এই স্থাপনার দোতলায় নিয়মিত মদ-জুয়ার আড্ডা বসে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য গত বুধবার যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাব।’ গতকাল বৃহস্পতিবার তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।