বারডেমে চিকিত্সকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

রোগীর মৃত্যুতে স্বজনেরা কর্তব্যরত চিকিত্সকদের মারধর করেছেন—এমন অভিযোগ এনে রাজধানীর বারডেম হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিত্সকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধের মাধ্যমে কর্মবিরতি শুরু করেন। অভিযুক্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে তাঁরা জানিয়েছেন।
এ দিকে চিকিত্সকদের কর্মবিরতিতে বহির্বিভাগে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন বারডেম হাসপাতালে প্রায় চার হাজার রোগী বহির্বিভাগে চিকিত্সা নিতে আসেন।
গাইবান্ধা থেকে আসা এক রোগী প্রথম আলোকে বলেন, ‘আমি গাইবান্ধা থেকে প্রতি তিন মাস পরপর মেয়েকে নিয়ে আসি। ওর যে রোগ তার চিকিত্সা একমাত্র বারডেমেই সম্ভব। আজ সকালে হাসপাতালে এসে শুনি রোগী দেখা হবে না। কবে আসব, জানতে চাইলে চিকিত্সকেরা টিভির দিকে চোখ রাখতে বলেছেন।’
দুর্ভোগের কথা জানান বংশাল থেকে পা প্লাস্টার করতে আসা রোগী হারুন অর রশিদও।
এদিকে মারা যাওয়া রোগী সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বলেছেন, চিকিত্সকেরা নিজেদের অন্যায় ধামাচাপা দিতে কর্মবিরতি করছেন ও হামলার অভিযোগ তুলেছেন। বারডেম হাসপাতালে ভাঙচুর মারপিটের ঘটনা ঘটেনি। কিছুটা হই-হট্টগোল হয়েছে।
বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারহানা বলেন, তাঁর বাবা সিরাজুল ইসলাম ৯ এপ্রিল রাত ২টা ১০ মিনিটে বারডেম হাসপাতালে বমির সমস্যা নিয়ে ভর্তি হন। ১৩ এপ্রিল বিকেল চারটার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্টের সমস্যার কথা বারবার জানানো হলেও চিকিত্সকেরা আসেননি। ৭টা ২০ মিনিটের দিকে চিকিত্সকেরা কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করেন। অক্সিজেন পাম্প করার পরপরই তিনি মারা যান; তাঁর মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অক্সিজেন নল দেওয়ার পরই রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঠানো দরকার ছিল বলে আইসিইউ চিকিত্সক মন্তব্য করেন। এমনকি সিরাজুল ইসলাম আটটার দিকে মারা গেলেও তাঁদের যে ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে সময় লেখা আছে রাত সোয়া ১১টা। তাঁরা মনে করছেন, চিকিত্সকদের গাফিলতি ছিল বলেই বারডেম হাসপাতাল তাঁদের কাছ থেকে রোগীর চিকিত্সা ব্যয় আদায় করেনি।
এদিকে বারডেম হাসপাতালের চিকিত্সকেরা বলেছেন, ১৩ এপ্রিল রাত আটটার দিকে এন্ডোক্রাইনোলজি বিভাগে চিকিত্সাধীন রোগী সিরাজুল ইসলাম ‘যথোপযুক্ত চিকিত্সা ও ব্যবস্থাপনা’ পেয়েও মারা যান। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন নামধারী ৬০-৭০ জন দুষ্কৃতকারী হাসপাতালে তাণ্ডব চালায়। আনোয়ার হোসেন, কল্যাণ দেবনাথ ও শামিমা আক্তার নামের তিন চিকিত্সককে তাঁরা বেধড়ক পেটান। শামিমা আক্তার প্রাণভয়ে টয়লেটে লুকালে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে লাঞ্ছিত করা হয়। তাঁরা বলেন, এ ঘটনায় ইন্ধন দিয়েছেন পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ পরিদর্শক মাসুদ ও সাবেক এক প্রতিমন্ত্রীর এপিএস এম এ বাবু। চিকিত্সকেরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ২০ দিন আগে তাঁর মা মারা গেছেন। তিনি ও তাঁর ছোটো ভাই অনাথ। লাশ গ্রহণ করতেই তাঁর চাচা পুলিশ কর্মকর্তা মাসুদ ও ফুপাতো ভাই বাবু সেখানে গিয়েছিলেন। ফারহানা বলেছেন, তিনি তাঁর বাবার মৃত্যুর জন্য দায়ী চিকিত্সকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
তবে, এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো মামলা করেনি বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা প্রসঙ্গে কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেয়নি। বারডেম হাসপাতালে ‘প্রহূত’ চিকিত্সকদের সঙ্গে কথা বলতে চেয়েও তাঁদের পাওয়া যায়নি।