রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের অভিযোগ
বারডেমে চিকিৎসক কর্মবিরতি, বহির্বিভাগে রোগীদের দুর্ভোগ

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের প্রতিবাদে রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। গতকাল মঙ্গলবার তাঁরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বহির্বিভাগে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন বারডেম হাসপাতালের বহির্বিভাগে প্রায় চার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এঁদের অনেকেই কাল চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।
গাইবান্ধা থেকে আসা এক রোগী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি গাইবান্ধা থেকে প্রতি তিন মাস পর পর মেয়েকে নিয়ে আসি। ওর যে রোগ, তার চিকিৎসা একমাত্র বারডেমেই সম্ভব। সকালে হাসপাতালে এসে শুনি, রোগী দেখা হবে না। কবে আসব, জানতে চাইলে চিকিৎসকেরা টিভির দিকে চোখ রাখতে বলেছেন।’ দুর্ভোগের কথা বলেছেন রাজধানীর বংশাল থেকে পা প্লাস্টার করতে আসা রোগী হারুন অর রশিদসহ আরও অনেকে।
গতকাল সাংবাদিকদের কাছে বিলি করা কাগজে চিকিৎসকেরা বলেছেন, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগে চিকিৎসাধীন এক রোগী (জাতীয় প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম) যথোপযুক্ত চিকিৎসা পাওয়া সত্ত্বেও ১৩ এপ্রিল রাত আটটায় মারা যান। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন নামধারী ৬০-৭০ জন দুষ্কৃতকারী হাসপাতালে টেলিভিশন, কম্পিউটার, পানির ফিল্টার ভাঙচুর করে। ঢাকা অঞ্চলের এএসপি মাসুদ পরিচয়দানকারী এক ব্যক্তি ও প্রাক্তন এক মন্ত্রীর এপিএস পরিচয়দানকারী এস এম বাবুর ইন্ধনে মো. আনোয়ার হোসেন ও কল্যাণ দেবনাথ নামের দুই চিকিৎসককে মেরে রক্তাক্ত করা হয়। ভয়ে লুকানো চিকিৎসক শামিমা আক্তারকে টয়লেটের দরজা ভেঙে বের করে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে আধা ঘণ্টা শাহবাগের মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। চিকিৎসকদের একটি প্রতিনিধিদল পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দেন।
তবে জরুরি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসা চলতে দেখা গেছে। অন্তর্বিভাগ, আইসিইউ ও সিসিইউতে চিকিৎসা আগের মতোই চলছে। নতুন রোগী ভর্তি করা হয়নি বলে একজন চিকিৎসক জানিয়েছেন।
তবে মৃত রোগী সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বলেছেন, চিকিৎসকেরা নিজেদের অন্যায় ধামাচাপা দিতে কর্মবিরতি পালন করছেন ও হামলার অভিযোগ তুলেছেন। ভাঙচুর, মারপিটের ঘটনা ঘটেনি। কিছুটা হইহট্টগোল হয়েছে।
গতকাল দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ফারহানা বলেন, তাঁর বাবা ৯ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। ১৩ এপ্রিল বিকেল চারটার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্টের কথা বারবার জানানো হলেও চিকিৎসক আসেননি। ঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেননি। তিনি বলেন, তাঁর বাবা আটটার দিকে মারা গেলেও তাঁদের যে ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে সময় লেখা আছে রাত ১১টা ৩৯ মিনিট। ফারহানা বলেন, লাশ গ্রহণ করতেই তাঁর চাচা পুলিশ কর্মকর্তা মাসুদ ও ফুফুতো ভাই বাবু সেখানে গিয়েছিলেন।
এ ঘটনায় বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা করেনি, আনুষ্ঠানিক বক্তব্যও দেয়নি। প্রহূত চিকিৎসকদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি। চিকিৎসকেরা বলেছেন, আজ বুধবার সংবাদ সম্মেলন করে সব জানানো হবে।
রাতে যোগাযোগ করা হলে বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘আমরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ ভুল চিকিৎসার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, রোগীর আত্মীয়স্বজন কোনো লিখিত অভিযোগ করেননি। তার পরও তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে বারডেমের বাইরের চিকিৎসকও আছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সন্ধ্যার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফোন করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।