বারডেমে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা
বারডেম হাসপাতালের চিকিত্সকেরা আজ শনিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। তাঁরা বলেছেন, চিকিত্সকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রতিদিন তাঁরা এক ঘণ্টার কর্মবিরতি চালিয়ে যাবেন।
বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের চিকিত্সক আনোয়ারুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত চিকিত্সকদের ওপর হামলাকারীদের বিচার না হবে, ততদিন পর্যন্ত বারডেম হাসপাতালের চিকিত্সকেরা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ কর্মবিরতির সময় এক ঘণ্টা বহির্বিভাগে রোগীরা সেবা পাননি। এ সময় হাসপাতালের তৃতীয় তলার মিলনায়তনে শতাধিক চিকিত্সক অবস্থান নেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কয়েকজন চিকিত্সক সমাবেশে যোগ দেন।
চিকিত্সকেরা বলেছেন, তাঁরা রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই কঠোর কোনো কর্মসূচি দিচ্ছেন না।
এদিকে সিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে বারডেম হাসপাতালের পরিচালক (ক্লিনিক্যাল সার্ভিসেস) মির্জা মাহবুবুল হাসানের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটির আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা।
তবে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সকদের ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা করেনি। রমনা থানায় একটি জিডি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল আদালতে মামলা দায়ের করা হবে।
চিকিত্সকদের বিবৃতি: জাতীয় প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন তাঁর বাবার মৃত্যুর জন্য চিকিত্সকদের অবহেলা ও ভুল চিকিত্সার যে অভিযোগ এনেছেন তাকে আবারও মিথ্যা বলে দাবি করেছেন বারডেম হাসপাতালের আন্দোলনরত চিকিত্সকেরা। তাঁরা বলেন, সিরাজুল ইসলাম অ্যাড্রেনাল গ্রন্থির অকার্যকারিতায় ভুগছিলেন এবং বারডেম হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন। তাঁকে জীবনরক্ষাকারী স্টেরয়েড ওষুধ নিতে হতো। কিন্তু নিয়মিত ওষুধ না খাওয়ায় তাঁর অবস্থার অবনতি ঘটে। চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর উপযুক্ত চিকিত্সা পেয়েও তিনি মারা যান।
প্রসঙ্গত ১৩ এপ্রিল রাতে বারডেম হাসপাতালে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। চিকিত্সকেরা অভিযোগ করেন, ওই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেন। তাঁরা তিন চিকিত্সককে মারধর করেন। একজন নারী চিকিত্সক প্রাণভয়ে টয়লেটে লুকালে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় ইন্ধন দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের এপিএস এম এ বাবু। চিকিত্সকেরা অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন। ১৫ এপ্রিল থেকে বহির্বিভাগে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি করা থেকে তাঁরা বিরত থাকেন। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।
১৭ এপ্রিল বারডেম হাসপাতালের চিকিত্সকেরা আন্দোলন প্রত্যাহার করেন। মাসুদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ায় চিকিত্সকেরা এই সিদ্ধান্ত নেন।