বারডেমে 'হামলাকারীদের' গ্রেপ্তারে স্বাস্থ্যমন্ত্রীর ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফোন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফোন করেন বলে জানা গেছে।

সম্প্রতি বারডেমসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহামুদ হাসান এবং ইকবাল আর্সলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। তখনই মন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফোন করে এই অনুরোধ জানান।

বিএমএর নেতারা বিভিন্ন ঘটনা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি থেকে উত্তরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, চিকিত্সক, চিকিত্সাপ্রতিষ্ঠান এবং রোগীদের সুরক্ষার জন্য দুটো পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।