বারডেমের উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংকের অনুদান
ডাচ্-বাংলা ব্যাংক সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের আধুনিকায়নের জন্য অরগান ট্রান্সপ্লান্ট ইউনিটের অপারেশন থিয়েটার, বেড, ইক্যুইপমেন্ট এবং হাসপাতালের একটি ক্যাথ ল্যাব স্থাপনের জন্য নয় কোটি ৩৬ লাখ টাকা দিয়েছে। ডাচ্-বাংলা ব্যাংক প্রদত্ত সুবিধাদি কাজে লাগিয়ে বারডেম হাসপাতালের বাংলাদেশি শল্যচিকিৎসকেরা ২০১০ সালের জুন ও গত বছরের আগস্টে দেশে প্রথম বারের মতো সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি পরিচালনা করেন।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, সহসভাপতি রফিক-উল হক এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ গত মঙ্গলবার হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের অরগান ট্রান্সপ্লান্ট ইউনিটের ফলক উন্মোচন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ কে আজাদ খান ডাচ্-বাংলা ব্যাংকের এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কাজের প্রশংসা করেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান মাহমুদের রহমান, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট এম এ রশীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।