বারডেমের কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে রাজধানীর বারডেম হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। গতকাল শনিবার শাহবাগ মোড়ে ওই সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেছে বারডেম কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, দুজন শিক্ষার্থী সকালে বারডেমে গেলে কর্মচারীরা তাঁদের মারধর করেন। এর প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়।শিক্ষার্থীরা জানান, সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মঞ্জুরুল হোসেন জুয়েল তাঁর বাবাকে নিয়ে বারডেমে আসেন। লিফটে ওঠা নিয়ে এ সময় লিফটম্যানের সঙ্গে ওই ছাত্রের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লিফটম্যান তাঁকে চড় মারেন। এরপর জুয়েল ক্যাম্পাসে ফিরে যান। দুপুরে তিনি বন্ধুদের নিয়ে ঘটনার বিচার দাবি করে বারডেমের পরিচালকের কছে যান। পরিচালক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলেও বের হওয়ার সময় আবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এ সময় নিরাপত্তারক্ষীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে জুয়েল ও জিয়াউদ্দিন নামে দুই শিক্ষার্থীকে আটকে রাখেন। এ খবর পেয়ে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বারডেমের দিকে ছুটে যান।বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বারডেমের কর্মচারীদের সংঘর্ষ বাধে। আধা ঘণ্টা ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ও শাহবাগ থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে এসে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে ছাত্ররা শান্ত হন।সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম, বারডেমের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক সালাম (প্রধান), প্রধান সহকারী প্রক্টর আফতাব আলী শেখ, বারডেমের পরেশ বড়ুয়া।প্রক্টর বলেন, পরিচালকের সঙ্গে কথা বলার পরও কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করেছেন। এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন। অন্য একজন বারডেমেই চিকিৎসাধীন রয়েছেন।প্রক্টর আরও বলেন, তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বারডেম কর্তৃপক্ষ হেফাজুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেছে।