বারডেমের চিকিত্সককে মারধরের অভিযোগে মামলা, এএসপি আসামি
বারডেম হাসপাতালের চিকিত্সককে মারধরের অভিযোগে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের এপিএস ইসহাক হোসেন, বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়া সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন ও তাঁর বন্ধু আবির হোসেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার বারডেম হাসপাতালের পক্ষে জ্যেষ্ঠ নিরাপত্তা সুপারভাইজার মানিক মোল্লা বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মহানগর হাকিম মিজানুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেওয়া হবে বলে জানান।
এদিকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের অংশ হিসেবে আজ দুপুর ১২টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন আন্দোলনরত চিকিত্সকেরা। আগামীকাল সোমবারও তাঁরা কর্মবিরতি পালন করবেন।
১৩ এপ্রিল রাতে বারডেম হাসপাতালে জাতীয় প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যু হয়। চিকিত্সকেরা অভিযোগ করেন, ওই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেন। তাঁরা তিন চিকিত্সককে মারধর করেন। একজন নারী চিকিত্সক প্রাণভয়ে টয়লেটে লুকালে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় ইন্ধন দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের এপিএস এম এ বাবু। চিকিত্সকেরা অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন।
১৫ এপ্রিল থেকে বহির্বিভাগে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি করা থেকে তাঁরা বিরত রয়েছেন। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল বারডেম হাসপাতালের চিকিত্সকেরা আন্দোলন প্রত্যাহার করেন। তবে তাঁরা গতকাল থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করে যাচ্ছেন।