বারডেমের চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বারডেম হাসপাতালে চিকিত্সকেরা গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির পাশাপাশি শাহবাগ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয় ।  প্রথম আলো
সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বারডেম হাসপাতালে চিকিত্সকেরা গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির পাশাপাশি শাহবাগ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয় । প্রথম আলো

বারডেম হাসপা-তালের চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহার করেছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ায় চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নেন। বারডেম ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
কর্মসূচি প্রত্যাহার করায় আজ বৃহস্পতিবার থেকে হাসপাতালে চিকিৎসাসেবা আগের মতোই চলবে। বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার প্রথম আলোকে এ তথ্য জানান।
আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান পদক্ষেপ নিলে তাঁরা কাজে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। সরকার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তাঁদের দাবি পূরণ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনকে (গোয়েন্দা) প্রত্যাহার করা হয়েছে।
১৩ এপ্রিল রাতে বারডেম হাসপাতালে সিরাজুল ইসলাম নামে এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসকেরা অভিযোগ করেন, ওই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেন। তাঁরা তিন চিকিৎসককে মারধর করেন। একজন নারী চিকিৎসক প্রাণভয়ে টয়লেটে লুকালে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় ইন্ধন দেন মাসুদ হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের এপিএস এম এ বাবু। চিকিৎসকেরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন। গত পরশু থেকে বহির্বিভাগে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি করা থেকে তাঁরা বিরত থাকেন।
চিকিৎসকদের আন্দোলনের কারণে গতকালও অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান। সকাল সাড়ে নয়টায় বন্ধ বহির্বিভাগের সামনে রোগীর ভিড় দেখা যায়। কুমিল্লার ফরিদগঞ্জের রেণু বেগম সকাল সাড়ে নয়টায় বহির্বিভাগের সিঁড়িতে মুখে হাত দিয়ে বসে ছিলেন। জানালেন, পরশু কুমিল্লা থেকে এসে বোর্ডবাজারে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সকাল ছয়টায় তিনি হাসপাতালে পৌঁছান। এরপর জানতে পারেন, চিকিৎসকেরা কর্মরিবতি পালন করছেন। অসহায় রেণু বেগম বলেন, ‘জানি না আর কবে ডাক্তার দেখাতে পারব।’ অসহায়ত্ব প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আকবর আলী। বললেন, ‘আজ ডাক্তার দেখানোর দিন ছিল। আবার সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাতে অনেক দেরি হয়ে যাবে।’
অন্যদিকে গতকাল সকাল ১০টায় বারডেমের সম্মেলনকক্ষে আন্দোলনরত চিকিৎসকেরা সংবাদ সম্মেলন করেন। ১৩ এপ্রিল চিকিৎসকদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনের পর আন্দোলরত চিকিৎসকদের সঙ্গে বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব সভা করেন। সভা শেষে চিকিৎসকেরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। এতে শাহবাগ থেকে ফার্মগেট ও আশপাশ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত পরশু সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, চিকিৎসকদের অবহেলায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে ডায়াবেটিসের বিশিষ্ট চিকিৎসক ফারুক পাঠান বলেন, সিরাজুল ইসলামের চিকিৎসায় অবহেলা করা হয়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বারডেম কর্তৃপক্ষ।