বারদীর শ্রীশ্রীলোকনাথ আশ্রমে বিনা মূল্যে চিকিৎসা শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীর শ্রীশ্রীলোকনাথ আশ্রম ও মন্দিরে গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে ‘বিনা মূল্যে দাতব্য চিকিৎসালয়’। চিকিৎসা দেবেন ফ্যামেলি মেডিসিন বিশেষজ্ঞ সহদেব রাজবংশী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কল্পনা রানী মৃধা।এই দুই চিকিৎসক প্রতি শুক্রবার বারদীর শ্রীশ্রীলোকনাথ আশ্রম ও মন্দিরের নাটমন্দির-সংলগ্ন টিনের ঘরে অবস্থিত চিকিৎসালয়ে উপস্থিত থাকবেন। শ্রীশ্রীলোকনাথ আশ্রম ও মন্দিরে দরিদ্র অসহায় মানুষের জন্য প্রথমবারের মতো এই সুযোগ সৃষ্টি করেছে আশ্রম পরিচালনা কমিটি। কমিটির প্রধান উপদেষ্টা বিচারপতি গৌর গোপাল সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি শংকর কুমার দে। অনুষ্ঠানে বক্তব্য দেন অনিল কুমার সাহা, সঞ্জিত কুমার দাশ, বাদল রায়, নারায়ণ চন্দ্র সাহা, ব্রজেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।