বারবার অনুরোধেও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তারা আমাদের বড় বন্ধু। স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ‌ওষুধ হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান।

আব্দুল মোমেন বলেন, ‘করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি। তবে সেটা করেছি সরকার থেকে। আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি। ফিলিস্তিনের জনগণের ওপর দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না। এ জন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না। দুই রাষ্ট্রীয় নীতিতে এর সমাধান চাই।’

আব্দুল মোমেন আরও জানান, ফিলিস্তিনকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১ হাজার ৪০০ কেজি ওষুধ দেওয়া হচ্ছে। এসব ওষুধের মূল্য ৪০ লাখ টাকা।