বারবার উচ্ছেদ হয়, সড়ক চওড়া হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এজিবি কলোনির রাস্তার দুই পাশ আবার দখল হচ্ছে। রাস্তার প্রশস্ততা রয়ে যাচ্ছে আগের মতোই। ছবিটি শুক্রবার দুপুরে তোলা l সাজিদ হোসেন
মতিঝিল এজিবি কলোনির রাস্তার দুই পাশ আবার দখল হচ্ছে। রাস্তার প্রশস্ততা রয়ে যাচ্ছে আগের মতোই। ছবিটি শুক্রবার দুপুরে তোলা l সাজিদ হোসেন

মতিঝিল এজিবি কলোনির সড়কের অবৈধ কাঁচাবাজারের দোকানগুলো বারবার উচ্ছেদ করা হলেও সড়কটি নির্ধারিত মাপে চওড়া করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। হাইকোর্ট সড়কটির অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দফায় দফায় উচ্ছেদ কার্যক্রম চালিয়েই দায়িত্ব শেষ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলোনির কয়েকজন বাসিন্দা বলেন, উচ্ছেদের পর জায়গা খালি থাকায় সেখানে আবার স্থাপনা নির্মাণ করা হয়। আইন অনুযায়ী রাস্তাটি চওড়া করে নিয়মিত নজরদারি রাখা হলে আবার দখল ও স্থাপনা নির্মিত হতে পারত না। কিন্তু এক-একবার উচ্ছেদের পর সিটি করপোরেশনের লোক ও আইন প্রয়োগকারী সংস্থার লোকদের নিজেদের প্রয়োজন ছাড়া এখানে আসতে দেখা যায় না।
অন্যদিকে সড়কের জায়গায় স্থাপিত দোকানগুলোর ১৩৪টি এ পর্যন্ত পাঁচ দফায় উচ্ছেদ করা হলেও আরও প্রায় সমসংখ্যক দোকান সেখানে রয়ে গেছে। প্রতিটি উচ্ছেদ কার্যক্রমেই সিটি করপোরেশনের লোকজন দোকানগুলো এড়িয়ে যান।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, একবার উচ্ছেদ করলে আবার দখল হয়ে যায়। করপোরেশনকে আবারও অভিযান পরিচালনা করতে হয়। সড়ক সম্প্রসারিত করা হচ্ছে না কেন জানতে চাইলে প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, এ বিষয়ে প্রধান দায়িত্ব প্রকৌশল বিভাগের। ওই বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের জায়গায় দোকানঘর নির্মাণের ওপর প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ মতিঝিল এজিবি কলোনির দোকানপাট উচ্ছেদ করে ডিএসসিসি। দুই দিনের মাথায় সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। ২০ মার্চ আবার প্রতিবেদন প্রকাশিত হলে ওই কলোনিতে দোকানঘর নির্মাণের ওপর গত ১৩ এপ্রিল নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ৩ মে হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এজিবি কলোনির দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম চালানো হয় এবং আবার সেখানে দোকানপাট নির্মাণ করা শুরু হয়। কিন্তু মূল উদ্দেশ্য, অর্থাৎ সড়ক চওড়া করার বিষয়ে কোনো কাজ করা হয় না। এড়িয়ে যাওয়া হয় সড়কের পশ্চিম প্রান্তের বাকি দোকানগুলো উচ্ছেদও।
পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র থেকে জানা যায়, এজিবি কলোনি বাজার এলাকাটি জেএস নং ২, সিট নং ৮, জেলা ঢাকায় অবস্থিত। মানচিত্র অনুযায়ী এজিবি কলোনির সড়কটির প্রশস্ততা ৭৮ ফুট ও দৈর্ঘ্য ৬০০ ফুট। কিন্তু আঁকাবাঁকা সড়কে বাস্তবে প্রশস্ততা রয়েছে ৪০ ফুটের মতো। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, পূর্ব প্রান্ত থেকে বাজারের গণশৌচাগার সীমানা পর্যন্ত ভেঙে দেওয়া স্থাপনাগুলোয় বাঁশের খুঁটি দাঁড় করিয়ে ৭০টির মতো ঘর পুনর্নির্মাণ করা হয়েছে। দোকানগুলোর ওপরে ত্রিপল ও পুরু পলিথিন দেওয়া। বেশির ভাগ ঘরেই বেচাকেনা চলছে। বিশেষ করে, ভাতের হোটেল চলছে বেশ কয়েকটি। মুরগির দোকান বসেছে ১৬টি। পেঁয়াজ-রসুন-আদার পাইকারি ব্যবসা চলছে। চলছে শাকসবজির দোকানও।
এজিবি কলোনি এলাকাটি পড়েছে ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কার্যালয়ও বাজারের পশ্চিম পাশে। তার পাশে মাছ-মাংসের বাজার। সেখানে মুদিদোকান, তরিতরকারির পাকা দোকান ছাড়াও রয়েছে ফলের বেশ কয়েকটি দোকান। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, আইন অনুযায়ী বাজারের সব দোকানই উচ্ছেদ করা হবে।