চট্টগ্রাম নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়কের একাংশ হকারদের দখলে চলে গেছে অনেক আগে। এখন প্রতিনিয়ত এই দখল সম্প্রসারিত হচ্ছে। বারবার উচ্ছেদ করেও তা বন্ধ করা যাচ্ছে না।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত ১৪ আগস্ট নিউমার্কেটের আমতল থেকে তিনপোলের মাথা পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ওই সময় ফুটপাত প্রায় দখল করে গড়ে তোলা ৩০টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এর সুফল পায়নি নগরবাসী। কারণ, উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যে আবারও বসে যায় ভাসমান দোকানগুলো।
এভাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হলেও কিছুদিনের মধ্যে সেখানে আবারও ভাসমান দোকান বসান হকাররা।
উচ্ছেদ অভিযানের সুফল পেতে হলে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদেরা। পাশাপাশি নগরবাসীর সচেতনতাও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তাঁরা। অন্যদিকে হকাররা বলছেন, জীবিকার তাগিদে বাধ্য হয়ে ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা করতে হচ্ছে তাঁদের।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘মানুষের হাঁটার জন্য ফুটপাত খালি রাখতে হবে। তবে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়। কেননা এতে করে উচ্ছেদ হওয়া হকাররা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যেতে পারেন। তাই তাঁদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তখন এ ধরনের অভিযানের সুফল পাবে নগরবাসী।’
করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত ২৯ সেপ্টেম্বর নগরের সিরাজউদ্দৌলা সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন। গত আগস্টে নগরের কাজীর দেউড়ি, নূর আহমেদ সড়ক, জিইসি মোড় থেকে জাকির হোসেন সড়ক মোড় পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া জুলাইয়ে নগরের সদরঘাট, লালদিঘী, আন্দরকিল্লা, হালিশহরের ছোট পোল এলাকা, বাকলিয়ার মাস্টারপুল ও ডিসি সড়কে এবং জুন মাসে নগরের ফিরিঙ্গিবাজার, আগ্রাবাদ এক্সেস সড়ক ও পাহাড়তলী সাগরিকা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, ওই সব এলাকার সড়ক ও ফুটপাতগুলোতে এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন হকাররা।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘আমরা অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করি ঠিকই, কিন্তু কয়েক দিনের মধ্যে তাঁরা আবার বসে যান। এ জন্য এখন থেকে একই এলাকায় কয়েকবার অভিযান চালানোর চিন্তাভাবনা করছি। তবে এ জন্য স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
উচ্ছেদের পর আবার দোকান বসানো প্রসঙ্গে নগরের জিইসি মোড় এলাকার কয়েকজন হকার জানান, এই ক্ষুদ্র ব্যবসার আয় দিয়ে তাঁদের সংসার চালাতে হয়। দোকান বন্ধ হয়ে গেলে স্ত্রী-সন্তানদের নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই বাধ্য হয়ে তাঁদের এখানে বসতে হচ্ছে।