অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বারবার কেন রাষ্ট্রপতির কথা বলছেন?’
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে রাষ্ট্রপক্ষ ফের সময় চাইলে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আইন মন্ত্রণালয় আশা করছে, বিধিমালার বিষয়ে রাষ্ট্রপতি চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে এসেছে।
বিচারকদের শৃঙ্খলাবিধি বিষয়ে আজ মঙ্গলবার সকালে শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান।
সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, সংসদীয় সরকারব্যবস্থায় কেন বারবার রাষ্ট্রপতির কথা বলছেন? রাষ্ট্রপতিকে দেখিয়ে বিচার বিভাগকে ফেলে রাখবেন নাকি?
পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।
বিচারকদের শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে চূড়ান্ত করতে এর আগে রাষ্ট্রপক্ষকে একাধিকবার সময় দিয়েছেন আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এ খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছর ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ একাধিকবার সময়ের আবেদন করে।