দুই পাড় নির্বিচারে দখল হয়ে যাওয়ায় অস্তিত্বসংকটে ভুগছে বরগুনার নৌ-যোগাযোগের একমাত্র পথ খাকদোন নদ। বারবার খনন করেও নাব্যতা ধরে রাখা যাচ্ছে না এই নদের। ফলে বরগুনার ১২ লাখ মানুষের কাঙ্ক্ষিত নৌবন্দর চালু হলেও এর সুফল পাচ্ছে না জেলার কয়েক লাখ যাত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, ২০১০ সালের মাঝামাঝি বরগুনায় নৌবন্দরের নির্মাণকাজ শুরুর পর গত বছরের ৩১ মার্চ দুই পাড়ের দখল উচ্ছেদ না করেই খাকদোন নদটি খনন করে বিআইডব্লিউটিএ। প্রাথমিকভাবে বন্দরের জন্য সাড়ে ১৬ লাখ টাকায় ২০ শতক জমি কিনে ৩৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন ও আধুনিক পন্টুন নির্মাণ করা হয়। এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বন্দরের পার্কিং ইয়ার্ড ও আধুনিক পন্টুন স্থাপনসহ অন্যান্য কাজ চলছে। গত বছরের ৭ ডিসেম্বর নৌবন্দরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। জানা গেছে, ২০১০ সালের মার্চে নদটির এক কিলোমিটার এলাকা খনন করা হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নদের নব্যতা এমন পর্যায়ে পৌঁছায় যে ভাটার সময় দেড়-দুই ফুট পানি থাকে। ভাটার সময় লঞ্চগুলোকে চরে নোঙর করতে হয় এবং সেখান থেকে যাত্রীদের ঝুঁকির মধ্যে কিনারে আসতে হয়। নদটির দুই পাড় দখলের কারণে সংকুচিত হয়ে যাওয়ায় দোতলা লঞ্চ সামনে-পেছনে ঘুরতে পারে না। এ জন্য বড় ও বিলাসবহুল কোনো লঞ্চ এখানে আসতে পারে না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদের মোহনা থেকে খনন করা শুরু হলেও এর মাটি পাইপের মাধ্যমে নদের উত্তর পাড়ে ফেলায় নতুন করে চর দখলের প্রতিযোগিতায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এতে নদটি আরও সংকুচিত হয়ে যাচ্ছে। একইভাবে গত বছরের মার্চে খনন চলাকালে উত্তর ও দক্ষিণ দুই পাড়ই ব্যাপকভাবে চর ভরাট করে অবাধে চলে দখল-প্রক্রিয়া। এবারও উত্তর পাড়ের বাওয়ালকর, কুমড়াখালী, ফুলতলা দক্ষিণ খাজুরতলা এলাকার চরে মাটি ফেলা হচ্ছে। এসব এলাকার ভরাট করা প্লটগুলোতে গাছ লাগিয়ে, ঘর তুলে অনেকে দখল নিয়েছেন। এই দখলদারেরা তাঁদের জমি বাড়াতে বাড়াতে মাঝ নদীতে চলে এসেছেন এবং গাছ লাগিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এতে নদের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে।ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি মশিরন খানের পরিদর্শক জাহিদ হোসেন মোল্লা জানান, ভাটার সময় দেড়-দুই ফুট পানি থাকায় মূল পন্টুনে লঞ্চ ভিড়তে পারে না। এতে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো করতে চারম দুর্ভোগ পোহাতে হয়। আবার নদের দুই পাড় দখলের কারণে সংকুচিত হয়ে যাওয়ায় লঞ্চ ঘোরাতেও বেগ পেতে হয়। বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরগুনা সদর মৌজায় সরকারি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে ৪৯৫টি, খাজুরতলা মৌজায় ১২৯টি এবং বড় গৌরিচন্না মৌজায় ১৫টি। এর মধ্যে খাকদোন নদের দুই পাড় খাজুরতলা মৌজার অন্তর্ভুক্ত। সরকারি হিসাবে, এই নদের দুই পাড়ে ১২৯টি জমি বন্দোবস্ত দেওয়া হলেও সেখানে স্থাপনা রয়েছে কমপক্ষে দুই হাজার। এ ছাড়া এই তিনটি মৌজায় সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে। বিআইডব্লিউটিএর খনন বিভাগের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন পাঠান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে যে খনন চলছে, তা আমাদের নিয়মিত খননকাজের অংশ। আমাদের দেশের নদীগুলোর বর্তমান চরিত্র হচ্ছে, খনন করার পর কিছুদিন নাব্যতা থাকে। এরপর নাব্যতা ফিরিয়ে আনতে পুনরায় খনন করতে হয়।’ দখল উচ্ছেদ না করে এভাবে খনন করে নাব্যতা বজায় রাখা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা হয়তো সম্ভব নয়। তবে এই নদটির নাব্যতা দীর্ঘস্থায়ী ও টেকসই করার জন্য পুরো নদ খনন করা দরকার। আমরা নতুন একটি প্রকল্পের মাধ্যমে সেটা করার প্রস্তাব দিয়েছি। আর দখল উচ্ছেদ করার দায়িত্ব বিআইডব্লিউটিএর প্রশাসনিক কর্তৃপক্ষের।’ বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘অচিরেই আমরা খাকদোন নদের দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ করার বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর অনুরোধ করব। তারা ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই এই অভিযান পরিচালনা করব।’