ঘুরেফিরে একই মুখগুলো দেখতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের। বিশেষ করে গাড়ি চুরি, চাঁদাবাজি, জালিয়াতি ও মাদকসংক্রান্ত অপরাধীরা বারবারই গ্রেপ্তার হচ্ছে। কিছুদিনের মধ্যে জামিনে ছাড়া পেয়ে তারা আবারও জড়িয়ে পড়ছে একই ধরনের অপরাধে।গত বছরের শেষ দিকে জাল স্ট্যাম্পসহ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল র্যাব-৩। দুই মাস কারাবাসের পর আট মাস আগে জামিনে ছাড়া পায় সে। বের হয়ে আবারও জড়িয়ে পড়ে একই কারবারে। গতকাল বৃহস্পতিবার আবারও কোটি টাকার জাল স্ট্যাম্প ও টিকিটসহ ধরা পড়েছে সে।ডাকাত শহীদের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট মাস আগে র্যাব-১০-এর হাতে গ্রেপ্তার হয়েছিল আনিসুর রহমান। আট মাস কারাবাস করে মাত্র ১২ দিন আগে জামিনে ছাড়া পায় সে। বের হয়ে আবার একই কায়দায় চাঁদাবাজি করতে গিয়ে গত বুধবার গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও তিনজন। এদের মধ্যে দুজন স্কুলপড়ুয়া কিশোর।নিউমার্কেট-কাঁটাবন-নীলক্ষেত এলাকার মাদক ব্যবসায়ী মিনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়েছিল একবার। মাসখানেক আটক থেকে জামিনে বেরিয়েই আবারও লেগে পড়ে মাদক ব্যবসায়। নিউমার্কেট এলাকারই মাদক ব্যবসায়ী দুই বোন হাসি ও খুশি। গত পাঁচ বছরে তারা গ্রেপ্তার হয়েছে একাধিকবার। কোনোবারই দুই মাসের বেশি সময় তাদের আটকে রাখা যায়নি। সর্বশেষ গত এপ্রিল মাসে একসঙ্গে গ্রেপ্তার হয়েছিল দুই বোন। সাত দিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এরা চেনা মুখ।গত এপ্রিল মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে ঢাকার একটি গাড়ি চুরি চক্রের প্রধান বিল্লাল হোসেন। তখন এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে বিল্লাল সাংবাদিকদের বলেছিল, ‘আমি তো আওন-যাওনের মদ্যেই থাকি।’ বিল্লালের নিজের ভাষ্যে, তার দীর্ঘ দুই যুগের বেশি চৌর্যবৃত্তির কর্মজীবনে আট থেকে নয় বছর কেটেছে কারাগারে। বারবার গ্রেপ্তার হয়েছে, ছাড়া পেয়েই আবার চুরি শুরু করেছে। কোটি টাকার মালিক বনেছে সে।র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা তো ধরে দিই। কিন্তু এরা আদালতে গিয়ে জামিনে বেরিয়ে আসে। বিশেষ করে জালিয়াত, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা বারবারই ধরা পড়ে আর ছাড়া পায়।’ঢাকা মহানগর গেয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, তিনি গত পৌনে দুই বছরে গাড়ি চুরির সঙ্গে জড়িত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করেছেন। এদের মধ্যে এখন মাত্র ৩০ থেকে ৪০ জন কারাগারে রয়েছে। বাকিরা অনেক আগেই বেরিয়ে জামিনে বেরিয়ে গেছে। সহকারী কমিশনার বলেন, কারাগার থেকে বের হয়ে খুব অল্পসংখ্যকই চুরির পেশা ছেড়েছে। বেশির ভাগই আগের ঠিকানা ও অবস্থান পরিবর্তন করে দেশের আনাচ-কানাচে গাড়ি চুরি করে বেড়াচ্ছে। তিনি আরও জানান, গাড়ি চুরির অভিযোগে সাধারণত চুরির মামলা করা হয়। জামিনযোগ্য এই মামলায় সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই জামিন নিয়ে বেরিয়ে আসে পেশাদার চোরেরা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মাদকের মামলাগুলো জামিনযোগ্য। আর পেশাদার ব্যবসায়ীদের যোগাযোগ ভালো থাকায় তারা গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়।