বারবার দরপত্র সংশোধন করায় ঠিকাদারেরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু-কালভার্ট নির্মাণকাজের একটি দরপত্র বিজ্ঞপ্তি তিনবার সংশোধন করেছে। ফলে ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার ঠিকাদারেরা গতকাল মঙ্গলবার একটি স্মারকলিপি দিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু-কালভার্ট নির্মাণকাজ’-এর জন্য গত ৫ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করে অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ অক্টোবর ছিল দরপত্র বিক্রির শেষ দিন। আর দরপত্র জমার শেষ দিন ছিল ১৮ অক্টোবর। ২০ লাখ টাকার কাজের বিপরীতে ১ হাজার ও ২০ লাখ টাকার ওপরে ১ হাজার ৫০০ টাকা মূল্য ধরা হয় দরপত্র দলিলের।

৩ অক্টোবর দরপত্র বিজ্ঞপ্তিতে সংশোধন করে অধিদপ্তর। ৩০ অক্টোবর পর্যন্ত দরপত্র কেনা ও পরের দিন পর্যন্ত জমা দেওয়ার দিন ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর আবারও দরপত্র বিজ্ঞপ্তিতে পরিবর্তন করা হয়। সে অনুযায়ী ২৯ নভেম্বর পর্যন্ত ছিল দরপত্র কেনার শেষ দিন। আর জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বুধবার ৩০ নভেম্বর।

এর মধ্যে ঠিকাদারেরা দরপত্র সংগ্রহ করে দরপত্রের বিপরীতে পে-অর্ডার করিয়ে নেন। কিন্তু ২৮ নভেম্বর তৃতীয় দফায় দরপত্র বিজ্ঞপ্তিতে সংশোধন করা হয়। সংশোধনী অনুযায়ী দরপত্র কেনার শেষ দিন ২৮ ডিসেম্বর। আর জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সেদিন উপস্থিত সব ঠিকাদারের সামনে দরপত্র খোলা হবে।

পরপর তিনবার দরপত্রে পরিবর্তন আনায় ক্ষুব্ধ জেলার ঠিকাদারেরা। কয়েকজন ঠিকাদার বলেন, তাঁরা দরপত্র-প্রক্রিয়া বাতিল হওয়ার আশঙ্কা করছেন। ঠিকাদারেরা হয়রানি বন্ধ ও দ্রুত দরপত্র-প্রক্রিয়া শেষ করার দাবিতে গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে অধিদপ্তরের কাছে স্মারকলিপি দেন।

ঠাকুরগাঁও শহরের ঠিকাদার আইনুল হক প্রথম দফায় সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার দরপত্র কেনেন। দরপত্রের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১২ কোটি টাকার পে-অর্ডার নেন। দরপত্র জমা দেওয়ার সব প্রস্তুতিও সেরে ফেলেন তিনি। আইনুল বলেন, তিনবার দরপত্র বিজ্ঞপ্তি পরিবর্তন হওয়ায় তিনি ঝামেলায় পড়েছেন। দরপত্রের সঙ্গে পে-অর্ডার সংযোজন করতে হয়। এখন এগুলো আবার ব্যাংকে ফেরত দিতে হবে। দরপত্র বিজ্ঞপ্তিতে সংশোধনী আনায় তাঁর তিন-চার লাখ টাকার ক্ষতি হবে।

আরেক ঠিকাদার এস এম রাজা বলেন, তিন লাখ টাকার দরপত্র কিনেছিলেন। এর বিপরীতে তিন কোটি টাকার পে-অর্ডার নিতে হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (জাহাঙ্গীর আলম বলেন, দরপত্রের কার্যক্রম জেলা থেকে নিয়ন্ত্রিত হয় না। অধিদপ্তরের সদর দপ্তর থেকে হয়। সদর দপ্তর কী কারণে দরপত্র বিজ্ঞপ্তিতে বারবার সংশোধনী আনছে, তা তারাই বলতে পারবে।

জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, ঠিকাদারদের একটি স্মারকলিপি পেয়েছেন। সেটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।