বারবার নোটিশ দিয়ে কাউকে হয়রানি করা হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নিতে বলেছেন সর্বোচ্চ আদালত। এক ব্যবসায়ীর করা লিভ টু আপিলের আদেশকালে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগ এমন মত দেন বলে জানিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।
আদালতে আবেদনকারী ব্যবসায়ী মো. আশরাফুল হকের পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন ও দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
পুনঃ পুনঃ নোটিশ দেওয়ার ক্ষেত্রে আপিল বিভাগ দুদককে সতর্ক করেছেন বলে জানান খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি কেউ নোটিশ দেয়, তাহলে নোটিশ যারা ইস্যু করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। এটি আনোয়ারুল হকের (নোটিশদাতা) ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এটি সকলের ওপর বাধ্যকর এভাবেই নিতে হবে। যদি অভিযোগ পান, তাহলে পুনঃ পুনঃ নোটিশ না দিয়ে সরাসরি মামলা দায়ের করার কথাও বলেছেন আদালত।’
ব্যবসায়ীর আইনজীবী এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিকে তিনবার নোটিশ দিয়েছিল দুদক। তৃতীয়বার নোটিশ দেওয়ার পর তিনি রিট করলে প্রথমে রুল হয়। চূড়ান্ত শুনানির পর রুল খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই কারণে বারবার নোটিশ দিয়ে হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ নোটিশ পাঠানো ওই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
আইনজীবী সূত্রে জানা যায়, তৈরি পোশাকশিল্প ব্যবসায়ী মো. আশরাফুল হকের সম্পদের তথ্য বিবরণী চেয়ে ২০১০ সালের ১৯ অক্টোবর দুদকের অনুসন্ধান কর্মকর্তা আনোয়ারুল হক নোটিশ দেন। এই নোটিশ পাওয়ার পর সম্পদের তথ্য দাখিল করেন আশরাফুল। পরে তাঁকে ২০১১ সালের ৪ এপ্রিল আবার নোটিশ দেন ওই কর্মকর্তা। তিনি দ্বিতীয়বারও সম্পদের তথ্য বিবরণী দাখিল করেন। ওই বছরের ৭ আগস্ট সম্পদ অর্জনের উৎস সম্পর্কিত তথ্য দাখিল করতে তৃতীয় দফায় তাঁকে আবার নোটিশ দেওয়া হয়। তৃতীয় এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে রিট আবেদন করেন আশরাফুল। ২০১৩ সালের ১৩ জুন হাইকোর্ট ওই রিট আবেদন খারিজ করে রায় দেন। এর বিরুদ্ধে ২০১৪ সালে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে) করেন তিনি। এই লিভ টু আপিলের শুনানি শেষে গতকাল আপিল বিভাগ তা নিষ্পত্তি করে আদেশ দেন।