রাজশাহী শহর রক্ষা বাঁধের দুই পাশ দিয়ে কেউ নির্মাণ করেছেন দোকান, কেউ তুলেছেন প্রাচীর, কেউবা বসিয়েছেন গ্যারেজ। এসব দখলদারদের একের পর এক নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। অপসারণ হয়নি কোনো স্থাপনা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শহর রক্ষা বাঁধের দুই পাশের স্থাপনা সরানোর জন্য অনেক আগে থেকেই মৌখিকভাবে দখলদারদের সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু এতে কোনো অগ্রগতি না হওয়ায় গত বছরের ২৭ ডিসেম্বর দখলদারদের ১৫ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়। সেই সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেলেও কোনো স্থাপনা অপসারণ হয়নি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার স্বাক্ষরিত সর্বশেষ নোটিশে বলা হয়, এসব স্থাপনা বাংলাদেশ পাউবোর সম্পত্তির সীমানার মধ্যে পড়েছে। এ জন্য এগুলো অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলো ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশটির বেঁধে দেওয়া সময়সীমা ১০ জানুয়ারি শেষ হয়েছে। ওইদিন দুপুরে নগরের শাহ মখদুম কলেজ থেকে তালাইমারী শহীদ মিনার এলাকা পর্যন্ত শহর রক্ষা বাঁধ ঘুরে দেখা যায়, বাঁধের উত্তরপাশে তেমন কোনো স্থাপনা নেই। তবে দক্ষিণ পাশে গড়ে উঠেছে নানা স্থাপনা। কোথাও বাঁধের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বাড়ি। কোথাওবা দোকানপাট। পাউবো যেসব স্থাপনা অবৈধ হিসেবে চিহ্নিত করেছে সেগুলোর একটিও অপসারণ করা হয়নি। একই অবস্থা বাঁধের অন্য অংশগুলোতেও।
কেদুর মোড় এলাকায় শহর রক্ষা বাঁধের জায়গায় দোকান দিয়ে ব্যবসা করছেন আবদুল গাফফার। তাঁর দোকান অপসারণের নোটিশ পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ পাইছি।’ উঠে যাচ্ছেন না কেন, প্রশ্নে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। উঠে যাব কোথায়? পেট তো চালাতে হবে। যদি ঘর ভেঙে দেয় তবে এখানে খোলা আকাশের নিচেই ব্যবসা করব। কোথাও যাব না।’
গত সপ্তাহের শুরুর দিকে আবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, দখলদারেরা বহাল তবিয়তে রয়েছেন। নিজ দায়িত্বে কেউ কোনো স্থাপনা সরিয়ে নেননি।
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদ ১০ জানুয়ারি প্রথম আলোকে বলেছিলেন, নগরের মধ্যে ১৭ কিলোমিটার শহর রক্ষা বাঁধ পড়েছে। এই ১৭ কিলোমিটারে তিন শতাধিক অবৈধ দখলদার রয়েছে। তারা নিজেরা স্থাপনাগুলো অপসারণ না করলে পাউবোর পক্ষ থেকে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে।
১৮ জানুয়ারি নতুন নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেছিলেন, এখন তাঁরা উচ্ছেদ অভিযান চালাবেন। অভিযানের খরচের জন্য পাউবোর কাছে তহবিল চেয়েছেন। তা ছাড়া জেলা প্রশাসনের কাছ থেকে ম্যাজিস্ট্রেটও নিতে হবে। এগুলোর সমন্বয় হলেই তাঁরা অভিযানে নামবেন।
তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি।