বারবার প্রতিশ্রুতির পরও চালু হচ্ছে না কাজীরহাট ফেরিঘাট
সরকারিভাবে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলে প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকা কাজীরহাট-পাটুরিয়া নৌরুটের কাজীরহাট ফেরিঘাট চালু করা হচ্ছে না। সর্ব শেষ গত ৩১ ডিসেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পাবনায় এসে দ্বিতীয়বারের মতো ঘাটটি চালুর প্রতিশ্রুতি দেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতেও তিনি পাবনায় এসে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন।তবে শুধু তিনিই নন, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারও একাধিকবার ফেরিঘাট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর কাজীরহাটে এসে ফেরি চালুর তারিখ পর্যন্ত ঘোষণা করেছিলেন। কিন্তু এত কিছুর পরও ফেরিঘাটটি চালু হয়নি। আদৌ চালু হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালের ৩০ জুলাই বন্যার কারণে কাজীরহাট-পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের কয়েক জেলায় পণ্য পরিবহনে খরচ অনেক বেড়ে যায়। চরম দুর্ভোগে পড়েন উভয় পাড়ের পণ্যবাহী শত শত ট্রাকচালক। এ ছাড়া কাজীরহাট ফেরিঘাটের কয়েক শ শ্রমিক বেকার হয়ে পড়েন। পরিবহন ব্যবসায়ীরা বিশেষ করে ট্রাকের মালিক-শ্রমিকেরা স্বল্প খরচে মালামাল পরিবহনের স্বার্থে ও বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে এই নৌরুটে ফেরি চালুর জন্য অব্যাহতভাবে দাবি জানিয়ে আসছেন।যমুনার পশ্চিম পাড়ে বেড়া উপজেলার কাজীরহাট এবং পূর্ব পাড়ে মানিকগঞ্জের পাটুরিয়া। বঙ্গবন্ধু সেতু চালু হলেও ১৫০ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যাওয়ার হাত থেকে বাঁচতে এই রুটে ফেরি চলাচল অব্যাহত ছিল। বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার ট্রাকচালক জানে আলম হিসাব দিয়ে জানান, যমুনা সেতুর তুলনায় কাজীরহাট-পাটুরিয়া নৌরুটে ট্রিপ প্রতি প্রায় দুই হাজার টাকা সাশ্রয় হয়। এ ছাড়া দূরপাল্লার ট্রাকচালকেরা ফেরিতে বিশ্রামের সুযোগ পান, যা বঙ্গবন্ধু সেতুতে সম্ভব নয়। এ কারণে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা এই নৌরুটে ফেরি চালুর ব্যাপারে আগ্রহী।কাজীরহাট ফেরিঘাট চালুর ব্যাপারে বারবার প্রতিশ্রুতি পাওয়া গেলেও সেটি স্থায়ীভাবে চালু হয়নি। তবে দাবির মুখে ২০০৮ সালের ২ মে মাত্র এক দিনের জন্য এবং ওই বছরেরই ১০ অক্টোবর সপ্তাহ খানেকের জন্য ফেরিঘাটটি চালু হয়েছিল। দুবারই ফেরির স্বল্পতা দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীরা জানান, কাজীরহাট ফেরিঘাট এলাকা পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নির্বাচনী এলাকার মধ্যে হওয়ায় তিনি একাধিকবার ওই এলাকায় এসে ফেরিঘাট চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাবনায় এসে অচিরেই ফেরিঘাট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সব শেষে তিনি গত ৩১ ডিসেম্বর আবারও পাবনায় এসে পরিবহনমালিক ও শ্রমিক সমাবেশে ফেরিঘাটটি চালুর প্রতিশ্রুতি দেন। তবে এখন পর্যন্ত এটি চালুর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, কাজীরহাট-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু থাকলে শুধু পরিবহন শ্রমিকেরাই উপকৃত হবেন না, ব্যবসায়ীদেরও উপকার হবে। কয়েক দিন আগে নৌপরিবহনমন্ত্রী ঘাটটি চালুর জোরালো প্রতিশ্রুতি দিয়ে গেছেন। নগরবাড়ী শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকুল ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চলের সব ব্যবসায়ীর প্রাণের দাবি, ফেরিঘাটটি চালু হোক। ফেরি চালু হলে নগরবাড়ী ও কাজীরহাটের ব্যবসায়িক স্থবিরতা অনেকটা কেটে যাবে। অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’কাজীরহাট ফেরিঘাট চালুর ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক। তিনি বলেন, ‘এই নৌরুটে ফেরি চলাচল যাতে শুরু হয়, সে ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু সেতুর বিকল্প হিসেবে ও সেতুর ওপর চাপ কমাতে ফেরিঘাটটি জরুরিভিত্তিতে চালু হওয়া প্রয়োজন। সরকারের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি, ফেরিঘাটটি দ্রুত চালু হবে।’বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘কাজীরহাট ফেরিঘাট চালুর ব্যাপারে পরিকল্পনামন্ত্রী নির্বাচনের আগে ও নির্বাচিত হওয়ার পরে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো ফেরি চালু না হওয়ায় এলাকাবাসী হতাশ।’