বারবার লাইনচ্যুতির ঘটনায় রেলের কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ বারবার লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত ও পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ফিরোজীকে তাৎ​ক্ষণিক বদলি করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের মহা-ব্যবস্থাপক মো. খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা-ঈশ্বরদী রুটে চলাচলকারী এই ট্রেনটি গত চার দিনে তিনবার লাইনচ্যুত হয়েছে। সর্বশেষ আজ শুক্রবার ঢাকার উদ্দেশে ঈশ্বরদী ছেড়ে আসার পর ট্রেনটির দুটি বগি বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের রায়পুর উপজেলার মাহমুদপুরে লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে বগি দুটি লাইনে ওঠালে বিকেল পাঁচটায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুমের ধারণা বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
এর আগে গত মঙ্গলবার মাহমুদপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে সেই বগিটি রেখেই ট্রেনটি ঢাকায় চলে যায়। ওই দিন রাতে বগিটি উদ্ধার করা হয়। এরপর গত বুধবার রাত ১০টার দিকে রায়পুরে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে।
বারবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্তত পাঁচজন যাত্রী অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার কারণে নিরাপদ যাত্রা হিসেবে সিরাজগঞ্জবাসী ট্রেনকে বেছে নেয়। কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে তিনবার আন্তনগর এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় তাঁরা আতঙ্কিত। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন এই রেলপথ সংস্কার না করার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, এ রেলপথটি দীর্ঘদিন মেরামত করা হয়নি। কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ ট্রেন যাত্রার দাবিতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।