>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পাঁচ বছরে তিনবার সংস্কার ও মেরামত করা হলেও ভোগান্তি কমেনি কুমিল্লা-কোটবাড়ী সড়কের যাত্রীদের। প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়কের মধ্যে তিন শতাধিক গর্ত রয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গেছে। আবার কোথাও সড়কে ফাটল ধরেছে।
গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন ২৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের লোকজন যাতায়াত করেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা বিকল্প হিসেবেও এ সড়ক ব্যবহার করেন। এ অবস্থায় ওই সড়কে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তার ওপর বৃষ্টি হলে এ সড়কের যাত্রীদের নাকাল হতে হয়।
সরেজমিনে গত সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ওই সড়কের চাপাপুর থেকে নন্দনপুর এলাকা ঘুরে সড়কটির বেহাল অবস্থা চোখে পড়ে। নন্দনপুর মোড়ে গর্ত রয়েছে। সেখানকার সেতুর উত্তর পাশের রেলিং ভাঙা তিন বছর ধরে। মঠপুষ্করিণীরপাড় এলাকায় সড়কের পিচ উঠে খোয়া বের হয়ে গেছে। একই রকম অবস্থা বলরামপুর মসজিদের উত্তর পাশে। সেখানে কিছু গর্তে ইট বিছানো হলেও সেগুলো সরে গেছে। বলরামপুর রাজন ট্রেডার্সের সামনে ও ধনপুর ব্যুরো বাংলাদেশ এনজিও কার্যালয়ের পাশে বড় গর্ত রয়েছে। সেখানে সড়ক এক পাশে দেবে গেছে। কাশীনাথপুর রানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বিশাল এলাকাজুড়ে রয়েছে গর্ত। দৌলতপুর চৌমুহনী, গোবিন্দপুর মোড়, আশা অফিস, আনসার গেট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, জেলা কৃত্রিম প্রজননকেন্দ্র, টমছমিব্রজ, কোতোয়ালি থানা সমবায় সমিতি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং চাপাপুর এলাকায় ছোট-বড় তিন শতাধিক গর্ত দেখা গেছে। এসব গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে এ সড়ক সংস্কারে ১১ কোটি টাকার কাজ হয়েছিল। ২০১৫ সালে ৩৪ লাখ টাকার সংস্কারকাজ হয়। এ বছরের ফেব্রুয়ারি মাসে ২৭ লাখ টাকার কাজ হয়েছে। কিন্তু সড়ক টেকানো যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা ইপিজেড, আদর্শ সদর উপজেলা পরিষদ, পরিবার পরিকল্পনা কার্যালয়, হাউজিং এস্টেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, আনসার ক্যাম্প, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বৌদ্ধবিহার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা দপ্তর এবং কুমিল্লা সেনানিবাসে যাতায়াতের সড়ক এটি।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুর থেকে টমছমিব্রজ-কোটবাড়ী-কালীবাজার হয়ে বরুড়া পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ২৩ কিলোমিটার। এর মধ্যে চাপাপুর থেকে নন্দনপুর পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়ক। ২০১৬-১৭ অর্থবছরে ওই সড়ক মেরামতের জন্য ৫৯ লাখ ৫৪ হাজার ৬২ টাকা বরাদ্দ করা হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। সড়কের দুই পাশে নালা না থাকার কারণে বারবার গুরুত্বপূর্ণ এ সড়ক বেহাল হয়ে পড়ছে। দুই পাশে নালা ও পুরো সড়কের পিচ তুলে নতুনভাবে করতে ৪৯ কোটি টাকা লাগবে। এ সম্পর্কিত একটি প্রস্তাব ৮ নভেম্বর সওজের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুরো সড়কই ভালোভাবে করা যাবে।