
ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের নয় কিলোমিটারে ছোট-বড় অনেক গর্ত। চার কিলোমিটারে পিচঢালাই নেই। অথচ এ সড়কের ওপর দিয়েই চারটি সড়কের যাত্রীবাহী বাস চলাচল করে। চলে ভারী ট্রাক। বারবার সংস্কার করার পরও সড়কটি যান চলাচলের উপযোগী করা যাচ্ছে না। এ কারণে প্রতিদিন ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ছয় হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের।
এলাকাবাসী অভিযোগ করেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যথাযথভাবে কাজ না করায় সড়কটির দুরবস্থা কাটছে না। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য চলতি বর্ষা মৌসুমে দুবার সংস্কার করে ওই বিভাগ। ঈদুল ফিতরের আগে তারা ইট, খোয়া ও বালু ফেলে সড়কের গর্তগুলো ভরাট করে। কিন্তু বৃষ্টির কারণে তা স্থায়ী হয়নি। এ কারণে গত সপ্তাহে সড়কে আবারও ছোটখাটো সংস্কারকাজ করে সড়ক বিভাগ। কিন্তু বৃষ্টি হলে তাও টিকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয় লোকজন সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি হয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চলে গেছে সড়কটি। চৌরাস্তা থেকে আঠারবাড়ি পর্যন্ত নয় কিলোমিটারে ছোট-বড় অনেক গর্ত। চৌরাস্তা থেকে বাঁশহাটি পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে মাটি বের হয়ে আছে। চলতি বর্ষা মৌসুমে সড়কের অন্য অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃিষ্ট হয়েছে বড় বড় গর্ত৷ সড়কে চলাচলকারী যানবাহন গর্তে পড়ে আটকে যাচ্ছে।
নান্দাইল মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে নেত্রকোনা-চট্টগ্রাম, সিলেট-নেত্রকোনা, ঢাকা-নেত্রকোনা, কেন্দুয়া-কিশোরগঞ্জ সড়কের বাস চলাচল করে। তা ছাড়া এ সড়ক দিয়ে মালবাহী যানবাহনও চলাচল করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে সড়কটিতে দুবার বড় ধরনের সংস্কারকাজ করা হলেও তা টেকসই হয়নি। এ ছাড়া প্রতিবছর ছোটখাটো সংস্কারের নামে লাখ লাখ টাকা খরচ করে সড়কে ইট, বালু ও খোয়া ফেলা হচ্ছে। কিন্তু এ রকম সংস্কারে কাজের কাজ কিছুই হচ্ছে না।
সড়কের পাশে অবস্থিত চায়ের দোকািন মো. হোসেন আলী বলেন, ঈদুল ফিতরের আগে সংস্কারকাজ করা হলেও তা ১৫-২০ দিনের বেশি স্থায়ী হয়নি। ভারী যানবাহনের চাপে সড়কটি আরও খারাপ হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল কাদির বলেন, ‘গর্তের কারণে আমরা বাধ্য হয়ে অটোরিকশা নিয়ে সড়কের ফুটপাত দিয়ে চলাচল করি।’ আবদুস সোবহান মিয়া নামে এক ট্রাকচালক বলেন, ‘সড়কের এ অবস্থার কথা জানতে পারলে অন্য সড়ক ব্যবহার করতাম।’
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে তিনটি বিদ্যালয়, একটি মাদ্রাসা, পোশাক কারখানা, মৎস্য ও কৃষি খামার আছে। সড়কের দুরবস্থার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছয় শতাধিক শিক্ষার্থীর সমস্যা হচ্ছে।
নেত্রকোনার কেন্দুয়া থেকে হাঁস-মুরগির ডিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যান পিকআপের চালক মেনু মিয়া। তিনি বলেন, ডিম পরিবহন করার সময় সড়কের ভাঙাচোরা অংশে গাড়ির চাকা পড়ে ঈদের আগে প্রায় দুই হাজার ডিম ভেঙে যায়।
স্থানীয় চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া বলেন, সড়কটির বেহালদশার কারণে ইউনিয়নের লোকজন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হলে এটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সঙ্গে যুক্ত হয়ে আঞ্চলিক যোগাযোগ স্থাপিত হবে। তাহলে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সড়কে যানবাহন চলাচল আপাতত স্বাভাবিক রাখার জন্য ইটের খোয়া ও বালু ফেলা হচ্ছে। স্থায়ীভাবে মেরামতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সওজের প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন করা হলে সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হবে।