বারবার সময় নিয়েও কাজ শেষ হচ্ছে না
এক বছর আগে বলা হয়েছিল, ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন বলা হচ্ছে, কাজ হয়েছে ৬৭ শতাংশ। অর্থাৎ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মতে, এক বছরে কাজ হয়েছে মাত্র পাঁচ শতাংশ। এ অবস্থায় চারবার সময় বাড়িয়েও রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ওপর সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই সুযোগে নির্মাণব্যয় প্রায় ৩০ কোটি টাকা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।দীর্ঘদিন সারা দেশের সঙ্গে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় যাতায়াতের জন্য তিস্তা রেল সেতু দিয়ে ট্রেনে যাতায়াত ছিল একমাত্র অবলম্বন। পরবর্তী সময়ে ১৯৭৮ সালে রেল সেতুর মধ্যে কাঠের পাটাতন বিছিয়ে বাসসহ অন্যান্য যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। সড়ক যোগাযোগ সহজ করতে তিস্তা সড়ক সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে। কুয়েত সরকারের অর্থায়নে এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ৮৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির কাজ শেষ হওয়ার কথা ২০০৯ সালের জুনে। ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফা সময় বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। পরবর্তী সময়ে আরও দুই দফায় সময় বাড়িয়ে নিয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সর্বশেষ সময় অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন বলা হচ্ছে, কাজ হয়েছে ৬৭ শতাংশ।সরেজমিনে দেখা গেছে, সেতুর ১৬টি পিলারের মধ্যে ছয়টি এখনো নির্মাণ করা হয়নি। এর মধ্যে কোনো কোনোটি পানির মধ্যে রয়েছে। সেতুর দুদিকে সংযোগ সড়কের শুধু মাটি কাটার কাজ শেষ হয়েছে। কাজ চলছে খুব ধীরগতিতে। সেতুটি চালু না হওয়ায় তিন জেলার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পুরোনো তিস্তা রেল সেতু দিয়ে। দেশের অন্যতম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি করা মালামাল ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার প্রধান পথও এটি। এ ছাড়া লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে ঢাকার পথে ৪০টি ও আন্তজেলার বাস চলে ৫০টির অধিক।আমদানিকারক শাহজাহান বাবু বলেন, এই পথে মালামাল নিয়ে যাওয়া কষ্টকর। মাঝেমধ্যে সেতুর মধ্যে গাড়ি আটকে যায়। এ ছাড়া পাঁচ টনের বেশি মালামাল তুলতে দেওয়া হয় না। এর ফলে ২০ থেকে ৩০ টন মালের ট্রাক সেতুর কাছে এনে মাল নামিয়ে কয়েকটি গাড়িতে তুলে সেতু পার করতে হয়। পাটগ্রামের যাত্রীবাহী বাসের চালক আতিকুল ইসলাম বলেন, মাঝেমধ্যে এক ঘণ্টারও বেশি আটকে থাকতে হয় তিস্তা রেল সেতুতে। কুড়িগ্রামের শিউলি আক্তার বলেন, ‘সেই কতো দিন থাকি দেখতোছি সেতুর পিলার হইতোছে। এটা শেষ হইতে আরও যে কতো দিন লাগবে।’সেতু নির্মাণের প্রতিষ্ঠান মেট্রো গ্রুপের আমিন-ডেলিমের প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ৬৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে তিনিই বলেছিলেন, ৬২ শতাংশ কাজ শেষ হওয়ার কথা। এক বছরে মাত্র পাঁচ শতাংশ অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে নির্মাণ-ব্যয় অনেক বেড়ে যাবে। এ নিয়ে ১২৫ কোটি টাকার একটি প্রস্তাবনা সওজের প্রকল্প বিভাগে জমা দেওয়া হয়েছে।সওজ প্রকল্প বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মাঝপথে কাজ বন্ধ ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যয় বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি জরিপ করে দেখা হচ্ছে।