বারবার সময় নেওয়ায় আলীমের আইনজীবীদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপস্থিতির জন্য বারবার সময় নেওয়ায় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের আইনজীবীদের দুই হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এই জরিমানার আদেশ দেন।গতকাল ছিল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে আসামিপক্ষের জেরার ধার্য দিন। শারীরিক কারণে জামিনে থাকা আলীমের উপস্থিতিতে কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষের এক আইনজীবী আহসানুল হক ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। অপর আইনজীবী খলিলুর রহমান অসুস্থ। এ কারণে মুন্সি আহসান ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন জানান।এই আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীর জেরা শেষ করার আবেদন জানিয়ে বলেন, সাক্ষী (দিলীপ) গত ১০ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক, পাশাপাশি কৃষিকাজ করেন। এই জেরা এখানেই শেষ করা উচিত। তাহলে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে বলেন, ‘এর আগেও আপনারা দেরি করেছেন। আপনাদের সতর্ক করা হয়েছিল। এভাবে আপনাদের সময় দেওয়ার ফলে ট্রাইব্যুনাল সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে।’ পরে আদেশে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করেন এবং বারবার সময়ের আবেদন করায় তাঁদের দুই হাজার টাকা জরিমানা করেন। ট্রাইব্যুনাল বলেন, আসতে না পারার দায়িত্ব আসামি নেবেন না। তাঁর আইনজীবীরা নিজেদের পকেট থেকে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে রসিদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেবেন। আদেশে ট্রাইব্যুনাল ১০ মার্চ রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীকে হাজির করার নির্দেশ দেন এবং দিলীপকে জেরার জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন।জয়পুরহাটের ক্ষেতলালের বাসিন্দা দিলীপ গত রোববার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। সোমবার তাঁকে জেরার ধার্য দিনে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী দুই আইনজীবী খলিলুর রহমান ও আহসানুল হক ট্রাইব্যুনালে উপস্থিত হননি। সেদিনও মুন্সি আহসান সময়ের আবেদনে বলেছিলেন, তাঁদের একজন অসুস্থ এবং অপরজন ব্যক্তিগত কারণে আসতে পারেননি। সেদিন রানা দাশগুপ্ত বলেছিলেন, আসামিপক্ষের আইনজীবীরা সময়মতো না আসায় মামলা দীর্ঘায়িত হচ্ছে।