আদালত বিরক্তি প্রকাশের পরও একই বিষয়ে আবারও সময় প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ। এটাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন আদালত। তবে সময় বাড়ানোর আবেদনে সাড়া দিয়ে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের বিষয়ে আজ সোমবার সকাল নয়টার দিকে রাষ্ট্রপক্ষের ফের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। সে সময় একই বিষয়ে বারবার সময় চেয়ে আবেদন করায় আদালত বিরক্তি প্রকাশ করেন। সেই সঙ্গে এই সময় চাওয়ার বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেন।
এর আগে ৮ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে গেজেট প্রকাশের বিষয়ে শুনানির আদেশের জন্য দিন ধার্য ছিল। ওই দিন সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন জানান। ওই সময় মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘সারা পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি। নিউইয়র্ক না টোকিও? আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর ঢাকা। সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন ও গণভবনের দূরত্ব কয়েক লাখ কিলোমিটার। আড়াই বছরেও পাড়ি দেওয়া হয়নি। আড়াই হাজার বছরেও সম্ভব হবে না? আড়াই বছর ফাইল চলাচলে সময় লাগে। আপনি কী বলতে চাচ্ছেন?’ মাহবুবে আলম বলেন, ‘সময় চাচ্ছি।’ আদালত বলেন, ‘এক সপ্তাহ সময় দেওয়া হলো।’ তখন মাহবুবে আলম বলেন, ‘আবার তাহলে সময় চাইতে হবে।’ এ সময় আদালত বলেন, ‘দুই সপ্তাহ দুই মাস বা দুই বছর সবই আপনার কাছে এক। শব্দও একই।’
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এ খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়।
আপিল বিভাগের নির্দেশে গত ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিব আদালতে হাজির হন। এর ঠিক এক দিন আগে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত খসড়া গেজেট প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। ওই দিন আপিল বিভাগ বলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, এখানে কোনো আপস নেই। ১২ ডিসেম্বর আদালত গেজেট প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেন। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময়ের আবেদন করে।