বারবারই সম্পর্ক তিক্ত করে তুলছে পাকিস্তান
মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে টানাপোড়েনের মধ্য দিয়েই যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দণ্ড দেওয়ায় পাকিস্তান ২০১৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বক্তৃতা-বিবৃতি দিয়ে এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিন্দা প্রস্তাব এনে সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। প্রতিবারই পাকিস্তানের এসব তৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এসব বক্তৃতা-বিবৃতি ও নিন্দা প্রস্তাব যে দুই দেশের বিদ্যমান ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জন্য সহায়ক নয়, সেটি বাংলাদেশ স্পষ্ট করেই বলেছে। কিন্তু আমলে নেয়নি পাকিস্তান। এভাবেই দুই দেশের সম্পর্কটাকে পাকিস্তান তিক্ত করে তুলেছে।
ঢাকা ও ইসলামাবাদে কর্মরত কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ও মন্ত্রী পর্যায়ের কোনো সফর হয়নি। ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। পরের বৈঠকটি ঢাকায় ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমান টানাপোড়েনের কারণে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রসচিবদের মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠানের বিষয়ে ২০০২ সালে দুই দেশ একটি প্রটোকলে সই করে। এরপর দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ২৪ থেকে ২৯ জুলাই ইসলামাবাদে। সর্বশেষ বা পঞ্চম বৈঠকটি হয় ইসলামাবাদে।
সাবেক কূটনীতিক ও বিশ্লেষকদের মতে, একাত্তরের পরাজয়কে পাকিস্তান এখনো মেনে নিতে পারেনি। কাজেই সম্পর্কটা স্বাভাবিকভাবে এগোনোর সুযোগ বেশ সীমিত। তা ছাড়া পাকিস্তানের অতীত আগলে রাখার মানসিকতা আর দেশটির পররাষ্ট্রনীতির বন্ধ্যাত্বের কারণে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় বাধা রয়েছে।
জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তান যা করছে, তা দেশটির পররাষ্ট্রনীতির বন্ধ্যাত্বের বহিঃপ্রকাশ।
অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো যৌক্তিকতা নেই। আমরা কখনো তাদের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা বলিনি। সম্পর্ক ভালো না হওয়ার জন্য আমি পাকিস্তানকে দোষ দেব। অতীত নিয়ে তাদের স্মৃতিকাতরতার কারণে সম্পর্ক এগিয়ে নেওয়া যাচ্ছে না।’
তবে ঢাকা ও ইসলামাবাদে কাজ করেছেন এবং করছেন এমন একাধিক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে সম্পর্ক অনেকটা শীতল হলেও তা একেবারে ছিন্ন করার মতো পর্যায়ে যায়নি। কারণ দুই দেশে কর্মরত কূটনীতিকেরা দৈনন্দিন কাজে যুক্ত থাকছেন। আবার কখনো কখনো বহুপক্ষীয় বৈঠকের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতাদের আলোচনায় উষ্ণতারও ঘাটতি থাকছে না। যেমনটা হয়েছিল গত বছরের নভেম্বরে কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠকটি ছিল বেশ হৃদ্যতাপূর্ণ। বৈঠকের প্রস্তাবটি ছিল নওয়াজের এবং আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সভাকক্ষেই গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
মানবতাবিরোধী অপরাধের রায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। অথচ ফাঁসি কার্যকরের আগের দিনই, অর্থাৎ ১১ ডিসেম্বর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে (কেন্দ্রীয় পার্লামেন্ট) কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এ ছাড়া ১৪ ডিসেম্বর তাঁর ফাঁসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এসব ঘটনার প্রতিবাদে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বিকেলে ঢাকায় পাকিস্তানের তখনকার হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমি কুরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি কড়া প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
এরপর জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের পর নিসার আলী খানের বিবৃতির প্রতিবাদে ২০১৪ সালের ৬ নভেম্বর পাকিস্তানের হাইকমিশনার আহমেদ হুসাইন দায়ুকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ওই বছরের ১৯ নভেম্বর খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ২৪ নভেম্বর ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কাছে একটি প্রতিবাদপত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ ২২ নভেম্বর বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। গত সোমবার এ ঘটনার প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইতিহাসবিদ মুনতাসীর মামুন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হওয়ার নয়। একাত্তরের পরাজয় তারা স্বাভাবিকভাবে নিতে পারেনি। এ ছাড়া পাকিস্তানের শাসকগোষ্ঠী কখনো চায় না একাত্তর ফিরে আসুক। যখন বিচার হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায় তাদের ওপর ফিরে আসে। তাই তারা এটা মেনে নিতে পারে না। তারাও আবার গণহত্যাকারী হিসেবে পরিচিত হয়ে যায়। তাদের বিচারের দাবি আসবে কি না, তা নিয়ে তাদের মধ্যে ভয় কাজ করে।’
আরও পড়ুন:
সাকা–মুজাহিদের ফাঁসি সমর্থন করছে ভারত