বারহাট্টায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন নয়জন ইউপি সদস্য। সরকারি অর্থ লুট ও নানা অনিয়মের অভিযোগ এনে গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে তাঁরা এ অনাস্থা প্রকাশ করেন।
ইউপি সদস্যদের অভিযোগ, কাজী সাখাওয়াত হোসেন সরকারি বিধি না মেনে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, টিআর, ভিজিডি, কাবিখা, এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্পের বিপুল অর্থ লুটপাট করেছেন। তা ছাড়া তাঁর বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, মারমুখী আচরণ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
লিখিত অনাস্থায় সই করেছেন মো. ইনজিল মিয়া, মো. শাহজাহান, মো. রুহুল আমিন, মো. আলাল উদ্দিন, মো. নিজাম উদ্দিন, আবদুল লতিফ খান, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি খাতুন, পারুল আক্তার ও রুবিনা আক্তার।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে কাজী সাখাওয়াত হোসেনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে চেয়ারম্যানের বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াহেদ দাবি করেন, ‘আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি একটি সাজানো নাটক। তার (চেয়ারম্যানের) সুনাম নষ্ট ও তাকে হয়রানি করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে আসছে।’