বারহাট্টায় টর্নেডোর আঘাতে শিশু নিহত শতাধিক ঘর বিধ্বস্ত
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বিকেলে টর্নেডো আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক ঘর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে ইউনিয়নের সোনল্লারচর, নূরুল্লারচর, সিংধা-নয়াপাড়া, ভরতপুর, কান্দাবাড়ী, চাঁনপুর ও আলোকদিয়া-নামাপাড়া গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে ওই সাতটি গ্রামের শতাধিক কাঁচা ও টিনের ঘর এবং বহু গাছপালা বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। সোনল্লারচর গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ঘরের নিচে চাপা পড়ে আহত হয় ওই গ্রামের আবদুল কাদিরের ছেলে সোহানুর রহমান (১০)। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউএনও মো. ফরিদ আহমদ গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমি এলাকায় রয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছি।’