বারহাট্টায় কেন্দ্রসচিবসহ পাঁচজনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে একটি কেন্দ্রের কেন্দ্রসচিবসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের নির্দেশে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাউসী অর্ধ্বচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গত রোববার ‘খ’ সেটের পরিবর্তে ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হয়। বোর্ড থেকে ওই পরীক্ষায় ‘খ’ সেটের প্রশ্নপত্র বিতরণের নির্দেশ ছিল। এ ঘটনায় ওইদিনই স্থানীয় উপজেলা প্রশাসন কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, কেন্দ্রসচিব বাউসী অর্ধ্বচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তাহেরুল ইসলাম ও সহকারী কেন্দ্রসচিব উপজেলার চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় গত সোমবার ওই তিনজনসহ কেন্দ্রের হল সুপার আইন উদ্দিন ও সহকারী হল সুপার মিলন কান্তি দেবনাথকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের লোকজনকে দিয়ে উপপরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে এ ভুলের কারণে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।