বারহাট্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসার ছাত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের সুসংদহর পাড়া গ্রামে গত রোববার সন্ধ্যায় বাউসী মোগল উদ্দিন দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় বারহাট্টা উপজেলার সুসংদহর পাড়া গ্রামের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীর (১২) সঙ্গে পার্শ্ববর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে শমসের আলী (২৩) বিয়ের দিন ধার্য ছিল। সে অনুযায়ী কাজিসহ বর পক্ষের ৮-১০ জন লোক ওই দিন সন্ধ্যার আগে কনের বাড়িতে উপস্থিত হন। এলাকার লোকজন বাল্যবিবাহের খবরটি স্থানীয় প্রশাসনকে জানালে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ এবং স্থানীয় সাংবাদিকেরা ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন। সেখানে উপস্থিত লোকজনের সামনে বর ও কনের বাবাকে ইউএনও বাল্যবিবাহ নিরোধ আইনের সংশ্লিষ্ট ধারা পড়ে শোনানোর পর তাঁরা এ বিয়ে বন্ধ করতে সম্মত হন।