বারহাট্টায় মুক্তিযোদ্ধা খুন, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গত রোববার সকালে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রারীরা। তাঁর নাম মোসলেম উদ্দিন (৬৫)। বাড়ি উপজেলার সিংধা ইউনিয়নের জীবনপুর গ্রামে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আরও সাত ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় রোববার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরাচাতল সরকারি জলাশয়ের ইজারা নিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সঙ্গে দীর্ঘ দিন ধরে একই গ্রামের আবুল কালাম আজাদের বিরোধ চলছিল। রোববার সকাল সাড়ে নয়টার দিকে মোসলেম উদ্দিন তাঁর লোকজন নিয়ে ওই জলাশয়ে বীজতলা পরিষ্কার করছিলেন। এ সময় আবুল কালামের ছেলে বোরহান ও ইয়াকুবের নেতৃত্বে ২০-২৫ জন তাঁদের ওপর হামলা চালায়। মোসলেম উদ্দিন ও তাঁর লোকজন দৌড়ে পাশের নাওটানা গ্রামের রাজকুমার ও জয়কুমারের বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া করে ওই বাড়িতে গিয়ে মোসলেম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীদের হামলায় আহত হন নজরুল ইসলাম, সোহাগ মিয়া, শফিকুল, জুলহাস, কাশেম, আল্লাদ মিয়া ও নাজমুল। তাঁদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, পুলিশ মামলার আসামি রুস্তম আলী ও আক্ষেপ মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে।