বারহাট্টায় মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় চন্দ্রপুরবাজার ব্যবসায়ী সমিতির ডাকে কর্মসূচিতে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের মোড় পর্যন্ত মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সিংদা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে এলাকাবাসী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনওর কাছে স্মারকলিপি দেন।ইউএনও মো. নাসির উদ্দিন বলেন, ‘পুলিশ মামলাটি তদন্ত করছে। আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম প্রথম আলোকে বলেন, ১৯ জন আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, সরকারি জলাশয়ের ইজারা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা গত ২১ নভেম্বর উপজেলার জীবনপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।