বারানসি থেকে হুগলি পর্যন্ত গঙ্গা সংস্কার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তাঁর নির্বাচনী আসন বারানসি থেকে পশ্চিমবঙ্গের হুগিল পর্যন্ত গঙ্গা নদীর সংস্কারের একটি রূপরেখা তৈরি করা হয়েছে। গত শুক্রবার চারজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে প্রাথমিকভাবে এই রূপরেখা চূড়ান্ত করেছেন।
ঠিক হয়েছে, সংস্কার পর্বের প্রথমে বারানসি থেকে হুগলি পর্যন্ত গঙ্গায় ৪৫ মিটার চওড়া ও তিন মিটার গভীর করে খনন করা হবে। এতে নাব্যতা বাড়বে এবং জলপথে যাত্রী ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। পরিকল্পনা অনুযায়ী এই যাত্রাপথে মোট ১১টি স্থানে টারমিনাল তৈরি করা হবে৷ যে স্থানগুলোতে পণ্য মজুত করা যাবে। এ ছাড়া, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বারানসি থেকে হুগলি পর্যন্ত প্রতি ১০০ কিলোমিটারে একটি করে ব্যারাজ বা বাঁধ তৈরি করা হবে।
সড়ক পরিবহন, মহাসড়ক ও জাহাজমন্ত্রী নিতিন গড়কড়ির সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন পানিসম্পদ ও গঙ্গা পুনরুজ্জীবনবিষয়ক মন্ত্রী উমা ভারতী, তথ্য সম্প্রচার ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও পর্যটনমন্ত্রী শ্রীপদ যশোনায়েক।
বৈঠক শেষে নিতিন গড়কড়ি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি করা হবে। সেই কমিটি এক মাসের মধ্যে এই প্রস্তাবগুলো চূড়ান্ত করবে। তার ভিত্তিতে তৈরি হবে ক্যাবিনেট নোট। রূপরেখার লক্ষ্য বহুমুখী। নদী সংস্কারের মধ্য দিয়ে একদিকে পরিবহন ব্যবস্থায় গতি আনা যেমন সম্ভব হবে, তেমিন পর্যটনকে আকর্ষণীয় করে তোলা যাবে, মৎস্য চাষ বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে। পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেন, গঙ্গাসহ দেশের নদীগুলোর সংস্কারকে সরকার অগ্রাধিকার দিয়েছে। নির্বাচনী ইশতেহারেও তা স্থান পেয়েছিল।
বারানসি থেকে ভোটে দাঁড়ানোর পর গঙ্গা সংস্কার নিয়ে মোদি বহু কথা বলেছেন। নির্বাচনী জনসভায় তিনি গঙ্গার সংস্কারের প্রতিশ্রুতির কথা শোনাতেন।
গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর সংখ্যা ৫৪। ভারতের বড় নদীগুলোর সংস্কারের ক্ষেত্রেও এমনই রূপরেখা গৃহীত হবে বলে নিতিন জানিয়েছেন৷