বারান্দা থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নীলক্ষেতে চারতলার বারান্দা থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আবদুল ওহাব খান (৫৮)। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কলোনির ২২/ও নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
ওহাব খানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের ভাগ্যকূল এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মচারী ছিলেন।
ওহাবের ভাই মো. ইউসুফ লিংকন বলেন, তাঁর ভাই পঞ্চম তলার ভবনের চারতলার বারান্দায় আজ সকাল ছয়টার দিকে ফুলগাছে পানি দিতে যান। এ সময় বারান্দা থেকে তিনি নিচে পড়ে যান। বারান্দায় গ্রিল ছিল না। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল নয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ওহাবের লাশ মর্গে রাখা হয়েছে।