কুমিল্লার দাউদকান্দি উপজেলার মুদাফর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ১৬ মাসের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে এখনো ভবন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বারান্দার মেঝেতে পাঠদান ও পরীক্ষা চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়ে চার কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি সরকারি করা হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর ও মাছুমা আক্তার বিদ্যালয় পরিদর্শনে এসে ভবনের অবস্থা দেখে তা পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের বারান্দায় ঝুঁকি নিয়ে পাঠদানসহ পরীক্ষা নিতে হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিম, দেয়াল, ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে।
পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর অভিভাবক রোকসানা ও রুবিয়া আক্তার জানান, দীর্ঘ সময় বারান্দার মেঝেতে বসে ক্লাস করতে ও পরীক্ষা দিতে গিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এ কারণে তাঁরা তাঁদের সন্তানদের কিছুদিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাফছা জাহান, নাদিয়া আফরোজ, চতুর্থ শ্রেণির সীমা, হীরাসহ আরও কয়েকজন শিক্ষার্থী জানায়, বারান্দার মেঝেতে বসে ক্লাস করতে ও পরীক্ষা দিতে গিয়ে তাদের কষ্ট হয়। বৃষ্টি শুরু হলে বই-খাতা-পোশাক ভিজে যায়।
তৃতীয় শ্রেণির ছাত্র আবদুল আজিজ বলে, বিদ্যালয়ে খেলার মাঠ নেই, শৌচাগার নেই, আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী খান জানান, বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন সরকার জানান, জরাজীর্ণ ভবনের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। অনেক চেষ্টার পরও বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণের ব্যবস্থা করা যাচ্ছে না। কর্তৃপক্ষ বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। ফলে বাধ্য হয়েই বারান্দায় ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘উপজেলা পরিষদের সভাগুলোতে বিদ্যালয়ের জরাজীর্ণ ওই ভবনের কথা মনে করিয়ে দেওয়া অব্যাহত রেখেছি।’