বারান্দার মেঝেতে বসে প্রশিক্ষণ চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুদের জন্য আলাদা কোনো কক্ষ না থাকায় কার্যালয়ের সামনের বারান্দার মেঝেতে বসে শিশুদের গান, আবৃত্তি, নাচ ও ছবি আঁকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ নিতে আসা শিশুদের সমস্যা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে সিলেট শিশু একাডেমীতে গিয়ে এ করুণ চিত্র দেখা গেছে।শিশু একাডেমীর প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, সিলেট অডিটোরিয়ামের দোতলা ভাড়া নিয়ে ১৯৮২ সালে অস্থায়ীভাবে শিশু একাডেমীর কার্যালয় চালু হয়। চার কক্ষবিশিষ্ট একটি কক্ষে শিশুবিষয়ক কর্মকর্তা বসেন। অন্যগুলোতে যথাক্রমে অফিস সহকারী, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র ও গ্রন্থাগার হিসেবে ব্যবহূত হয়। ছয়টি বিভাগে (সংগীত, তবলা, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও কম্পিউটার) এক হাজার ১০০ জন শিশু প্রশিক্ষণ নিচ্ছে। এদের প্রশিক্ষণ দিতে ১৭ জন প্রশিক্ষক কর্মরত আছেন।একই সূত্রে জানা যায়, শিশু একাডেমীর ‘শিশু বিকাশ’ ও ‘প্রাক-প্রাথমিক’ নামের দুটি কার্যক্রম চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে প্রাক-শিক্ষা হিসেবে ওই কার্যক্রমে আরও ১২০ জন শিশু শিক্ষা পাচ্ছে। একাডেমীর নির্দিষ্ট ভবন না থাকায় এসব কার্যক্রম নগরের দরগাগেট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে অস্থায়ীভাবে চারজন খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।সরেজমিনে গিয়ে গতকাল বিকেলে দেখা গেছে, শিশু একাডেমীর বারান্দায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নৃত্য, সংগীত, তবলা, চিত্রাঙ্কন ও আবৃত্তির ক্লাস চলছে। স্থান সংকুলান না হওয়ায় গাদাগাদি করে প্রশিক্ষণ নিচ্ছে শিশুরা। শিশুদের সঙ্গে আসা অভিভাবকেরা বসার স্থান না পেয়ে সিঁড়ি থেকে শুরু করে আশপাশে দাঁড়িয়ে রয়েছেন।নৃত্য প্রশিক্ষক নীলাঞ্জনা দাশ জুঁই জানান, কোনো আলাদা কক্ষ না থাকায় একই বারান্দায় ছয়টি বিভাগের শিশুদের কয়েকটি ভাগে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে কারও কথা কেউ শুনছে না। শিগগির নিজস্ব ভবন করা না গেলে প্রশিক্ষণার্থীরা কাঙ্ক্ষিত চাহিদা পূরণ থেকে বঞ্চিতই থাকবে।একাডেমীর কর্মকর্তারা জানান, ১৫-১৬ বছর আগে জেলা প্রশাসনের সহযোগিতায় নগরের শাহী ঈদগাহ এলাকায় শিশু একাডেমীর জন্য ১২ কোটি টাকা ব্যয়ে ৫০ শতক ভূমি বন্দোবস্ত নিয়ে একটি নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী, ওই এলাকার ভূমি একটি নির্দিষ্ট ‘প্রতীকী মূল্যে’ শিশু একাডেমীকে বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সে আবেদনের কোনো সুরাহা হয়নি। এ কারণে ভবন নির্মাণের পরিকল্পনা থমকে রয়েছে।পুলিশ লাইন এলাকার বাসিন্দা হাসিনা খাতুন নামের এক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমার দুই শিশুকে শিশু একাডেমীতে ভর্তি করাতে চেয়েছিলাম। কিন্তু পর্যাপ্ত আসন না থাকায় তাদের ভর্তি করাতে পারিনি। যেহেতু চাহিদা রয়েছে, তাই শিশুদের কথা বিবেচনায় নিয়ে আরও আসন বৃদ্ধি করা উচিত।’জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভাড়া করা জায়গায় শিশু একাডেমীর কার্যক্রম চলছে। স্থান সংকট থাকায় বাধ্য হয়ে বারান্দায় প্রশিক্ষণ দিতে হচ্ছে। ১৫-১৬ বছর ধরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জায়গা বন্দোবস্ত করার ব্যাপারে দৌড়ঝাঁপ করছি। কিন্তু ভূমি মন্ত্রণালয়ে পুরো বিষয়টি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন। মনে একটাই আক্ষেপ, আগামী জানুয়ারিতে আমি অবসরে যাব, অথচ নিজস্ব ভবনটা দেখে যেতে পারলাম না।’