বারান্দায় পাঠদান
রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর মাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকট থাকায় বারান্দায় ও মেঝেতে পাঠদান করা হচ্ছে। এতে শিশুদের পড়াশোনায় ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যাও কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির একটি পাকা ভবনে তিনটি কক্ষ আছে। ওই ভবনের একটি কক্ষে শিক্ষকেরা দাপ্তরিক কাজ করেন। বাকি দুটি কক্ষে ক্লাস হয়। বর্তমানে ৩৯৭ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ আছে মাত্র ৩৩টি। প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। সকাল সাড়ে নয়টা থেকে বিদ্যালয়ে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও পঞ্চম শ্রেণির ক্লাস হয়। ওই চার শ্রেণিতে ২৭৫ জন শিক্ষার্থী আছে। বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকট কারণে সে সময় শিশু ও প্রথম শ্রেণির ১৪৫ জন শিক্ষার্থীকে বারান্দায় ও মেঝেতে পাঠদান করা হয়।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীরা বারান্দায় ও মেঝেতে ক্লাস করছে।
এ সময় বারান্দায় ক্লাস করা শিশু শ্রেণির শিক্ষার্থী জিয়াউর রহমান বলে, ‘বারান্দায় উবু হয়ে বসে লিখতে কষ্ট হয়। হাতের লেখা খারাপ হয়ে যায়। আকাশে মেঘ দেখলে স্যাররা ছুটি দিয়ে দেন।’
পঞ্চম শ্রেণির ছাত্রী মেনোকা খাতুন বলে, ‘আগে আসলে বেঞ্চ পাওয়া যায়, পরে আসলে মাঝিয়াত বসতে হয়। স্যারক বেঞ্চের কথা কইলে কয় ধৈর্য ধর। এই বছরে বেঞ্চ পামো।’
এ বিষয়ে বিদ্যালয় সহকারী শিক্ষক মোতালেব হোসেন বলেন, রুম ও বেঞ্চ-সংকটের কারণে শিশুদের মেঝেতে ঠাসাঠাসি করে বসতে হয়। আগে ৭৬টি বেঞ্চ ছিল, সেগুলোর বেশির ভাগ ভেঙে গেছে।
আরেক সহকারী শিক্ষক তোফাজ্জাল হোসেন বলেন, বারান্দায় ক্লাস নেওয়ার সময় বাচ্চারা অমনোযোগী থাকে। কথা শুনতে চায় না। তা ছাড়া বর্ষায়, রোদে, ঠান্ডায় সব সময়ই বিড়ম্বনায় পড়তে হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজেদা বেগম বলেন, ‘প্রতি মাসেই একটি করে চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে যাচ্ছি। অথচ এই স্কুলের জন্য কোনো বরাদ্দ আসছে না। শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় আসবাবের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছে। দিন দিন স্কুলটিতে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে। এখন ৩৯৭ জন শিক্ষার্থীর মধ্যে এখন ৩৫০-৩৬২ জন শিক্ষার্থী স্কুলে আসে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফা সরকার বলেন, কক্ষ-সংকটের কারণে বারান্দায় ও মেঝেতে ক্লাস করা হচ্ছে। বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলার চেয়ারম্যানকে জানানো হলেও কাজ হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, শিক্ষা কমিটির সভায় বেশ কয়েকবার এ বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের মতো এ উপজেলায় বেশ কিছু বিদ্যালয় রয়েছে। পরিকল্পনা করে উপজেলা উন্নয়ন ফান্ডের টাকা থেকে বেঞ্চ দেওয়া হবে। সরকারিভাবে বরাদ্দ পেলে শ্রেণিকক্ষও নির্মাণ করা হবে।