
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটে ২০১২ সালে একটি আধুনিক মেশিন সরবরাহ করা হলেও এখনো তা স্থাপন করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেশিনটি স্থাপনে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় টাকা বরাদ্দ না দেওয়ায় কাজটি করা যাচ্ছে না।
সরেজমিনে গতকাল শনিবার দেখা যায়, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ক্যানসার ইউনিটটি তালাবদ্ধ। কোনো রোগী নেই। মেশিনটি রেডিওথেরাপি বিভাগের সামনে পড়ে আছে। চিকিৎসকেরা বলেন, হাসপাতালটিতে কোনো রেডিওথেরাপি মেশিন না থাকায় রোগীদের বহির্বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাই এখানে ক্যানসারের রোগীদের ভর্তি করা হয় না।
ক্যানসার ইউনিটের সাবেক চিকিৎসক মৃণাল কান্তি সরকার বলেন, সাত বছর ধরে ওই হাসপাতালে কাজ করার পর গত নভেম্বরে তিনি অবসরে গেছেন। ২০১২ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জন্য একটি আধুনিক ক্যানসার চিকিৎসার মেশিন বরাদ্দ দেন। একে লিনিয়র অ্যাকসেলারেটর মেশিন বলে। এর সাহায্যে ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পাশাপাশি রেডিওথেরাপিও দেওয়া যায়। মেশিনটি স্থাপন করা হলে এখানকার ক্যানসার রোগীদের আর ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেশিনটি স্থাপনের জন্য আরও কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রয়োজন। এসব যন্ত্রপাতি কিনতে প্রায় পাঁচ কোটি টাকা লাগবে। এ জন্য কয়েক দফায় মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়। সবশেষ গত বছরের ৩ মার্চ হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি মেশিনটি স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গণপূর্ত বিভাগ এ পরিমাণ টাকা দিতে অপারগতা জানায়। এসব কারণে এখনো মেশিনটি স্থাপন করা সম্ভব হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, যন্ত্রটি স্থাপন না করায় এর সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া সেবার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে মেশিনটি খুলনায় স্থাপন না করে ঢাকায় সরিয়ে নিতে জোর তৎপরতা শুরু হয়েছে। ২০১৪ সালের অক্টোবর মাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে যন্ত্রটি ঢাকায় সরিয়ে নিতে দাবি করেন কয়েকজন। এর প্রতিবাদ করে মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মকর্তা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি ঢাকার গোপালগঞ্জ ও বরিশাল বিভাগের পিরোজপুর এলাকার প্রায় চার কোটি মানুষ এ হাসপাতালের ওপর নির্ভরশীল। এখানে অনেক রোগী ক্যানসারের চিকিৎসা নিতে আসেন। বিত্তশালী রোগীরা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে পারলেও গরিব রোগীরা সে সুযোগ পান না। তাই সুবিধাবঞ্চিত খুলনাবাসীর জন্য আধুনিক এ ক্যানসার মেশিনটি এখানেই স্থাপন করা জরুরি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহা প্রথম আলোকে বলেন, লিনিয়র অ্যাকসেলারেটর মেশিনটি সে সময় ২৪ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল। এটি স্থাপনের জন্য সব ধরনের অবকাঠামো ঠিক করা আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য ২০১৩-১৪ অর্থবছরে প্রায় পাঁচ কোটি টাকার দরপত্র গ্রহণ করা হয়েছে। শুধু মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ পেলেই যন্ত্রটি স্থাপন করা যাবে। কিন্তু গত চার বছরে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি।