বারিধারায় কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বারিধারা থেকে গতকাল রোববার বিবি হালিমা (১৫) নামে এক গৃহকর্মী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ হালিমার স্বজনদের অভিযোগ, নির্যাতনে হালিমার মৃত্যু হয়েছে৷
হালিমার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গুলশানের পার্ক রোডের জনৈক সৈয়দ মাহাবুবের বাড়িতে কাজ করত হালিমা৷ গতকাল সকালে বাড়ির লোকজন হালিমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়৷ পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে৷
হালিমার বাবা রিকশাচালক কামাল হোসেন নোয়াখালীতে প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে হালিমার চাচা মো. ইদ্রিস হালিমার মৃত্যুর খবর জানান৷ ইদ্রিসকে ওই বাড়ি থেকে হালিমার মৃত্যুর খবর জানানো হয়৷ গত বছর কোরবানির ঈদের আগে হালিমাকে মাসিক আড়াই হাজার টাকা বেতনে ওই বাড়িতে কাজে দেওয়া হয়৷ এরপর হালিমা আর বাড়িতে আসেনি।
কামাল হোসেনের অভিযোগ, তাঁর মেয়ের আত্মহত্যা করার কথা নয়। যে বাসায় তিনি কাজে দিয়ে এসেছেন ওই বাসার লোকজনই তাঁর মেয়েকে মেরে ফেলেছে। অথবা বাসার লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে হালিমা ফাঁস দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন৷
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে গুলশান থানা-পুলিশ৷
গত শনিবার সকালে ধানমন্ডির একটি বাড়ি থেকে নূরজাহান বেগম নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়৷ তিনি একটি েবসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফ্ল্যাটে কাজ করতেন৷
পুলিশ প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে উল্লেখ করেছে | নূরজাহানের গ্রামের বাড়ি ময়মনসিংহে৷ এক ভাই নিঃসন্তান ও বিধবা এই নারীর দেখভাল করতেন। তবে দুই মাস আগে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তিনি ঢাকায় চলে যান।
(প্রতিবেদনটিতে নোয়াখালী অফিস তথ্য দিয়ে সহায়তা করেছে)