র্যাবের তথ্য: তল্লাশির পর গুলি, লাঠি উদ্ধার, ছাত্রলীগ নেতাসহ আটক ১২
বারিধারায় নির্যাতন কেন্দ্র!
চার কক্ষের একটি ফ্ল্যাটে ২৮টি ক্লোজড সার্কিট ক্যামেরা। দরজায় লেখা ‘সামান্থা গ্রুপ অব কোম্পানি’ এবং কথিত এই গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের নাম। র্যাব বলছে, এটি একটি নির্যাতন কেন্দ্র।
গতকাল সোমবার বিকেলে র্যাব রাজধানীর বারিধারা ডিওএইচএসের এই বাড়িতে সাংবাদিকদের ডেকে বলেছে, বাড়িটিতে তল্লাশি চালিয়ে তারা একটি ম্যাগাজিন, ৩৮টি গুলি, কয়েকটি মোটা লাঠি, মেটাল ডিটেক্টর, মদ ও ফেনসিডিলের বোতল এবং ইয়াবা সেবনের উপকরণ পেয়েছে। আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাসহ ১২ জনকে। গত রোববার রাত থেকে গতকাল পর্যন্ত সেখানে অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১-এর উপপরিচালক আসিফ কুদ্দুস বলেন, কথিত বায়িং হাউস ব্যবসায়ী ওয়াজিবুল্লাহ ওরফে মিলন সামান্থা করপোরেশনের নামে বাড়িটি ভাড়া নিয়ে ‘নির্যাতন কেন্দ্র’ হিসেবে ব্যবহার করছিলেন। আটক তরুণেরা তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তবে ওয়াজিবুল্লাহ পালিয়েছেন।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বারিধারা ডিওএইচএসের সাত নম্বর সড়কের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাটে এই অভিযান চলে। গতকাল সাংবাদিকদের সেখানে ডেকে নিয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি সিসিটিভির ফুটেজ দেখানো হয়। ফুটেজে এক তরুণ ব্যবসায়ীকে বিবস্ত্র করে নির্যাতনের দৃশ্য দেখা যায়।
র্যাব সদস্য ও আটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াজিবুল্লাহ বিদেশে পোশাক রপ্তানির ব্যবসা করেন বলে চার কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটটির দুই কক্ষ অফিসের মতো করে চেয়ার-টেবিল দিয়ে সাজানো। অন্য দুটি ঘর শয়নকক্ষ হিসেবে ব্যবহূত হতো। বিভিন্ন পোশাক ব্যবসায়ীদের ব্যবসার কথা বলে ডেকে এনে ওয়াজিবুল্লাহ একটি শয়নকক্ষে আটকে রেখে নির্যাতন করতেন। বিবস্ত্র করে মারধরও করা হতো। এরপর তাঁদের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে মিথ্যা ঋণের কথা লিখে রাখা হতো। পরে ওই সব ব্যবসায়ী ওয়াজিবুল্লাহর চাহিদামতো টাকা দিতে বাধ্য হতেন।
অন্য একটি শয়নকক্ষে বিছানার পাশে চারটি শক্তিশালী ক্যামেরা ও বিভিন্ন কোণে শক্তিশালী লাইট লাগানো অবস্থায় দেখা গেছে। র্যাব বলছে, ব্যবসায়ীদের ডেকে এনে শয়নকক্ষে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে ব্যবসায়ীদের ‘ব্ল্যাকমেইল’ করতেন ওয়াজিবুল্লাহ। সেখানে কয়েকজন ‘নারী কর্মকর্তা’কে দিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করা হতো।
যেভাবে ধরা পড়ল: কুড়িল চৌরাস্তা এলাকার সাব-কন্ট্রাক্ট গার্মেন্টস কোম্পানি এসএম অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দীন মিলনের সঙ্গে ওয়াজিবুল্লাহর সামান্থা করপোরেশন থেকে যোগাযোগ করা হয়। সাইফুদ্দীনের কাছে সাড়ে ১০ হাজার স্কার্ট ও জামা তৈরির অর্ডার দেন ওয়াজিবুল্লাহ। নিয়মানুযায়ী পোশাক তৈরির যাবতীয় উপকরণ সরবরাহ করার কথা ছিল সামান্থা করপোরেশনের। অর্ডারের পরপর অল্প কিছু কাপড় আর উপকরণ সরবরাহ করা হয়। সাইফুদ্দীনের কারখানায় কাজ শুরু হয়ে যায়। ৩০ মার্চ পোশাকগুলো সরবরাহের দিন-তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সামান্থা করপোরেশন থেকে আর কাপড় (ফেব্রিক) সরবরাহ করা হচ্ছিল না। এর মধ্যেই কিছু পোশাক তৈরি করে সামান্থায় সরবরাহ করা হয়েছে। ২৭ মার্চ কাপড় আর টাকার বিষয়ে কথা বলতে সাইফুদ্দীন সামান্থা করপোরেশনে আসেন। এসে দেখেন, নরসিংদীর টেক্সটাইল কারখানার এক কর্মকর্তাকে ব্যাপক মারধর করছেন ওয়াজিবুল্লাহ। একপর্যায়ে ওই ব্যক্তি সেখানেই মলমূত্র ত্যাগ করে ফেলেন। তারপর সেই ব্যক্তিকে মেঝে পরিষ্কার করতে বাধ্য করা হয়। সবশেষে ওই ব্যক্তির হাতে দুই বান্ডিল টাকা দিয়ে ওয়াজিবুল্লাহ বলেন, হাসিমুখে টাকা গুনবি। টাকা গোনার দৃশ্য ভিডিও করেন ওয়াজিবুল্লাহর সহযোগীরা। এরপর ওই ব্যক্তি ওয়াজিবুল্লাহর কাছে ৩৫ লাখ টাকা ধার নিয়েছেন বলে লিখিত রাখা হয়। ওই ব্যক্তির লিখিত কাগজটিও উদ্ধার করেছে র্যাব। গতকাল ওই বাড়িতে সাংবাদিকদের কাছে এমন বর্ণনা দেন সাইফুদ্দীন।
সাইফুদ্দীন বলেন, তিনি ভয় পেয়ে ওই দিন বের হয়ে আসেন। এরপর ১ এপ্রিল কুড়িলে সাইফুদ্দীনের কারখানায় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক গিয়ে ভয়ভীতি দেখিয়ে আসেন। তাঁরা সাইফুদ্দীনসহ তাঁর কর্মকর্তাদের সন্ধ্যায় ওয়াজিবুল্লাহর কার্যালয়ে যেতে বলেন। সে অনুযায়ী সাইফুদ্দীন তাঁর তিন কর্মকর্তাকে নিয়ে সামান্থায় আসেন। আর গাড়িচালক হারুন রশীদকে বলে যান, তাঁদের নামতে দেরি হলে যেন পুলিশকে খবর দেওয়া হয়।
সাইফুদ্দীন জানান, তাঁরা চারজন ওয়াজিবুল্লাহর কার্যালয়ে ঢোকা মাত্র মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ওয়াজিবুল্লাহ অভিযোগ করা শুরু করেন, সাইফুদ্দীনের কারখানায় নিম্নমানের সেলাইয়ের কারণে তাঁর অনেক ফেব্রিক নষ্ট হয়েছে। তিনি সঠিক সময়ে মাল বিদেশে পাঠাতে পারেননি। এ জন্য ওয়াজিবুল্লাহ নয় কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে সাইফুদ্দীনকে লিখিত দিতে বলেন। প্রথমে হুমকি-ধমকি, পরে শুরু হয় মারধর। রাত সাড়ে ১০টার দিকে মালিকের নামতে দেরি দেখে এবং ফ্ল্যাটের ভেতরে হইচই শুনে গাড়িচালক হারুন টহল পুলিশকে ডেকে আনেন। পরে পুলিশ সাইফুদ্দীনসহ চারজনকে ওই ফ্ল্যাট থেকে বের করে আনেন। ওই রাতেই ক্যান্টনমেন্ট থানায় ও পরদিন ভাটারা থানায় জিডি করেন সাইফুদ্দীন। মামলা করতে গেলে থানা থেকে বলা হয়, প্রতারণা মামলা (৪২০ ধারা) গ্রহণের এখতিয়ার আর পুলিশের নেই। পুলিশ এ ধরনের মামলা নিতে পারবে না। পরদিন সাইফুদ্দীন র্যাব-১-এ অভিযোগ দেন।
র্যাব তদন্ত করে রোববার রাতে ওই বাড়িতে হানা দেয়। সেখানে ওয়াজিবুল্লাহকে পাওয়া যায়নি। গ্রেপ্তার করা ১২ জন হলেন ওমর ফারুক, আল ইমরান হোসেন, আতিকুর রহমান রায়হান, নিহার রঞ্জন দাস, মোন্তাছের রহমান, তুহিন হোসেন, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, আল আমীন হোসেন, আইয়ুব আলী, মঈনুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা। এঁদের বয়স ১৮ থেকে ৩৫।
ওই তরুণেরা সাংবাদিকদের বলেন, তাঁরা সামান্থা করপোরেশনে চাকরি করতেন। এঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র এবং কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আল ইমরান হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে ১০ ফেব্রুয়ারি থেকে তিনি এ প্রতিষ্ঠানে মাসিক ৩০ হাজার টাকা বেতনে কাজ শুরু করেন। রোববার তিনি এখানে বেতন নিতে এসেছিলেন।
তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, ইমরানসহ অন্যরা ওয়াজিবুল্লাহর সঙ্গে ফেনসিডিল পান করছেন। এক ব্যক্তিকে যখন ওয়াজিবুল্লাহ প্রায় বিবস্ত্র করে পেটাচ্ছিলেন, তখন বিছানায় বসে ইমরান লাঠি এগিয়ে দিচ্ছেন। ইমরান জানান, এই দুই মাসে ওয়াজিবুল্লাহর কোম্পানিকে কোনো কাপড় বিদেশে পাঠাতে দেখেননি তিনি। তিনি ছাড়াও ওমর ফারুক ও মোন্তাছের রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যথাক্রমে উর্দু ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র।
তবে ওয়াজিবুল্লাহ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি র্যাব। তাঁর নির্যাতনের শিকার কয়েকজন ব্যবসায়ী বলছেন, একসময় স্পেনে ছিলেন ওয়াজিবুল্লাহ। নিজেকে স্পেনের নাগরিক হিসেবেও দাবি করেছেন অনেকের কাছে।