বারী সিদ্দিকী ছিলেন লোকগানের বাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধানুষ্ঠান। নেত্রকোনা সরকারি কলেজের সম্মেলন কক্ষে আজ এর আয়োজন করা হয়। নেত্রকোনা, ১৩ ডিসেম্বর ২০১৭। ছবি: প্রথম আলো
প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধানুষ্ঠান। নেত্রকোনা সরকারি কলেজের সম্মেলন কক্ষে আজ এর আয়োজন করা হয়। নেত্রকোনা, ১৩ ডিসেম্বর ২০১৭। ছবি: প্রথম আলো

বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার বলেছেন, ‘বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাউল সাধক ও লোকগানের একজন বাহক। তিনি প্রতিটি লোকগানের মূলে প্রবেশ করেছিলেন এবং তা আমাদের সহজ-সরল ভাষায় বলে গেয়ে উপলব্ধি করাতে শিখিয়েছেন।’

নেত্রকোনায় দেশবরেণ্য বংশীবাদক ও বাউলশিল্পী বারী সিদ্দিকীর শ্রদ্ধানুষ্ঠানে কথাগুলো বলেন যতীন সরকার। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজের সম্মেলন কক্ষে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করে ওই কলেজের বাংলা বিভাগের ফোকলোর পর্ষদ।

যতীন সরকার বলেন, নিজস্ব অনুভূতি, নিজস্ব ভঙ্গিতে তাঁর পূর্বসূরিদের ঐতিহ্যকে গ্রহণ করে আবার প্রভাবিত না হয়ে মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন। তিনি যেমন খাঁটি বাঙালি একজন গায়ক ছিলেন, তেমনি বিভিন্ন বাউলশিল্পীদের গানকে এ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। তাঁর মৃত্যু শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, মৃত্যু হয়েছে ভাবনার ও একজন বিশ্লেষকের।’

শুরুতে বারী সিদ্দিকীর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে বারী সিদ্দিকীর কৈশোরের সহচর কামরুজ্জামান চৌধুরী স্মৃতিচারণা করে বলেন, বারী সিদ্দিকী স্কুল-কলেজে পড়ার সময়ে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেতেন। বারী তাঁদের মধ্যে সবচেয়ে ভালো ইংরেজি জানতেন এবং পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেতেন। ফলে তাঁর সহপাঠী ও ওপরের ক্লাসের অনেকেই বারীর কাছে ইংরেজি পড়তেন। বন্ধু বারী সিদ্দিকীর সম্বন্ধে মন্তব্য করে তিনি বলেন, বারী স্কুলজীবন থেকেই দুটি পাতা একত্র করে বাঁশি বাজিয়ে সুমিষ্ট সুর তুলে ছাত্র ও মানুষদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। ভাবুক প্রকৃতির বারী বন্ধুবৎসল ছিলেন। তিনি নিজ শহর নেত্রকোনায় এলেই বন্ধুসহ পরিচিতজনের সঙ্গে দেখা করতেন, খবর নিতেন। নিজ জেলায় খুব কম আসরেই গান গেয়েছেন। তবুও গানের ফাঁকে ফাঁকে কথা বলতেন, বন্ধুদের নাম বলে পরিচয় করিয়ে দিতেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যাপক বিধান মিত্র, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক।
বিভাগের প্রধান ও ফকলোর পর্ষদের সভাপতি অধ্যাপক আফজাল রহমান এতে সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন কবি সরোজ মোস্তফা।
এর আগে বারী সিদ্দিকীর ওপর নির্মিত মামুন খানের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী আজাদ মিয়া ও রতন সরকার।
গত ২৩ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান দেশবরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনা সদর উপজেলার ফচিকা গ্রামে। তিনি একই উপজেলার কারলিতে ২৫০ শতক জমির ওপর ‘বাউলবাড়ি’ নামে একটি আশ্রম গড়ে তুলেছেন। তিনি স্বপ্ন দেখতেন, এই বাউলবাড়িতে দেশ-বিদেশের বাউলদের সম্মিলন ঘটবে। ছোট বাচ্চারা দৌড়াবে, গান গাইবে, দিনের পর দিন বাউলগান চলবে, আলোচনা হবে।