সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের উপ-প্রকল্প পরিচালক আবদুল বারীকে প্রত্যাহার করে নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই চিঠি দেওয়া হয়।
এ ছাড়া সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আবদুল বারী গতকাল থেকে নিবন্ধন বিভাগে নেই।
বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন ভবনে পেশাগত দায়িত্ব পালনের সময় চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মোস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদকে মারধর করেন সেখানকার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। নিজ কক্ষে দুই সাংবাদিককে মারধরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন আবদুল বারী। এ সময় নিবন্ধন বিভাগের অন্য পরিচালক মোহসীন আলী সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কমিশনের গতকালের বৈঠকে আলোচনা হয়।
সচিব জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে নিবন্ধন বিভাগের তিন কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আসকের নিন্দা: দুই সংবাদকর্মী মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
১৯ আগস্ট মানুষের ভোগান্তি নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের দুই সংবাদকর্মী জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হাতে মারধরের শিকার হন।