বারুণী স্নানে শিবালয়ে যমুনার তীরে মানুষের ঢল

হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষে আজ রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে মানুষের ঢল নেমেছিল। যথাযথ ধর্মীয় উপাচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুণ্যার্থীরা এ স্নান উৎসবে অংশ নেন। এ উপলক্ষে বসেছে মেলাও। শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি এবং পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু মহাজোট যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও উৎসব ঘিরে উপজেলার আরিচায় যমুনার তীরে তিন দিনব্যাপী মেলা বসেছে। আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ঐতিহ্যবাহী এ মেলায় শিশুদের চিত্তবিনোদনের জন্য রয়েছে সার্কাস, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপসহ নানা আয়োজন। এ ছাড়া খেলনা, প্রসাধনসামগ্রী, কাঠ, বাঁশ, বেত, মাটি ও লোহার নানা ক্ষুদ্রশিল্পের পসরা বসেছে। আছে মিষ্টি, বিন্নি, খই ও বাতাসার পসরাও।
উৎসবের প্রথম দিন আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত স্নান চলতে থাকে। স্নান করতে আসা প্রত্যেক পুণ্যার্থীকে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বলেন, প্রায় ২০০ বছর ধরে এখানে বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মূলত হিন্দুধর্মাবলম্বীদের উৎসব হলেও মেলা যেন সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীসহ সাধারণ মানুষও এ উৎসবে আসেন।