বারুণী স্নানোৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব উদ্যাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বিভিন্ন এলাকায় ছিল হাজারো পুণ্যার্থীর ভিড়। বসে হরেক পণ্যের মেলা। আয়োজন করা হয় কীর্তন ও প্রার্থনার। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর:মৌলভীবাজার: বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গতকাল ভোর থেকে পুণ্যার্থীদের ভিড় জমে। ভোর থেকে শুরু হয়ে স্নান, চলে বিকেল চারটা পর্যন্ত। এতে শুধু এলাকার নয়, দূর-দূরান্তের হিন্দু ধর্মবলম্বীরাও যোগ দেন। হাজারো পুণ্যার্থীর ভিড়ে জলপ্রপাত এলাকা মুখর হয়ে ওঠে। ছোট-বড় অসংখ্য গাড়ির দীর্ঘ সারি হয় মাধবকুণ্ড জলপ্রপাতে আসা-যাওয়ার রাস্তায়। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, অন্য ধর্মের মানুষও উৎসবের আনন্দে ছুটে আসেন এখানে। বারুণী স্নান উপলক্ষে মাধবকুণ্ড এলাকায় বসে রকমারি পণ্যের মেলা। বড়লেখা উপজেলার বাসিন্দা অসিত কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘মাধবকুণ্ডে অন্তত ১০ হাজার মানুষ এসেছেন। পাঁচ-ছয় শ ছোট বড় গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।’ তবে অনেকে বলেছেন, লোকসংখ্যা ২০ হাজারের বেশি হবে।এদিকে অনেকে অভিযোগ করেছেন, বারুণী স্নানের দিন গাড়ি পার্কিং এবং মাধবকুণ্ড ইকোপার্কের টাওয়ারে ওঠার জন্য কোনো ভাড়া না নেওয়ার কথা থাকলেও ইজারাদার তা আদায় করেছেন। ছোট-বড় গাড়িপ্রতি ২০ থেকে ৫০ টাকা আদায় করা হয়েছে।এ বিষয়ে ইজারাদার জুয়েল আহমদ বলেন, ‘জেলা পরিষদের এই স্থানের ইজারার শর্তে বারুণীর দিন পার্কিংয়ের জন্য ভাড়া না নেওয়ার কোনো শর্ত নেই। তবে পার্কিংয়ের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হয়েছে। শুধু এদিন ইকোপার্কে প্রবেশের মূল ফটক সবার জন্য উন্মুক্ত থাকে।’সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শ্রীঅদ্বৈত আচার্য প্রভুর জন্মস্থানসংলগ্ন যাদুকাটা নদীতে পুণ্যার্থীরা বারুণী স্নানোৎসবে মেতে ওঠেন। অদ্বৈত প্রভুর জন্মধাম সংরক্ষণ ও পরিচালনা কমিটির সভাপতি যোগানন্দ গোস্বামী জানান, সকাল আটটা নয় মিনিট ৫১ সেকেন্ড থেকে স্নান শুরু হয়ে সকাল নয়টা ২০ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত তা চলে। দিনটি উপলক্ষে দুই দিন আগে থেকেই দেশ ও দেশের বাইরে থেকে ভক্তরা এসে জড়ো হতে থাকেন যাদুকাটা নদীর তীরে। একই সময়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনা সংঘের (ইসকন) উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় ধর্মসভা। কমিটির সাধারণ সম্পাদক নিখিল রঞ্জর রায় জানান, এবার অন্য বছরের তুলনায় লোকসমাগম হয়েছে বেশি। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটা নদীর এই স্থানে সপ্ততীর্থ গঙ্গা, যমুনা, গদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরীগণের আগমন ঘটে, তাই এ সময় বারুণী স্নান করা হয়।জামালপুর: সরিষাবাড়ী উপজেলার খাগড়িয়া কালীমাতার মন্দিরসংলগ্ন ঝিনাই নদীতে সকাল থেকে শুরু হয় বারুণী স্নান। এ ছাড়াও মন্দির এলাকায় বসে মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা স্নান ছাড়াও ভোগ, কীর্তন ও প্রার্থনায় যোগ দেন।