বারেক শুধু রোগী দেখেন না, ওষুধও বানান!
‘ডা. এম এ বারেক। এমবিবিএস, পিজিটি (শিশু), সিসিআইআর (ডিইউ), এফসিপিএস পার্ট-১, চর্ম, যৌন, সেক্স ও ডায়াবেটিস রোগের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।’এই বারেক শুধু একজন চিকিৎসক দাবিদার নন, ওষুধও তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আর এ অভিযোগেই গতকাল শনিবার তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়। কারণ, ভিজিটিং কার্ডে লেখা সব ডিগ্রিই ভুয়া। আর উৎপাদিত সব ওষুধই ভেজাল।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার পাটুয়াটুলী এলাকায় নকল ওষুধ তৈরি কারখানায় অভিযান চালায় র্যা ব। কারখানা বলতে ছয়তলার আবাসিক ও বাণিজ্যিক ভবনের দোতলার ছোট্ট একটি কক্ষ। র্যা ব সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন, টেস্টি স্যালাইন, নয় ধরনের ওষুধ, ওষুধ তৈরির উপকরণ ও ওষুধের মোড়ক উদ্ধার করে। এ সময় ওই কারখানার মালিক বারেককে আটক করে সাজা দেওয়া হয়। অভিযানে ঔষধ প্রশাসনের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানিয়েছেন, তিনি বিএসসি পাস করে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেখানে ওষুধ বানানোর পদ্ধতি রপ্ত করেন। কয়েক বছর পর চাকরি ছেড়ে নকল ওষুধ তৈরির ব্যবসা শুরু করেন।আনোয়ার পাশা বলেন, ভিজিটিং কার্ডে দেখা গেছে, তিনি দক্ষিণ কেরানীগঞ্জে ‘মেডি ফেয়ার ক্লিনিক এন্ড জেনারেল হাসপাতাল’ নামের একটি প্রতিষ্ঠানের ওষুধবিষয়ক পরামর্শক (মেডিসিন কনসালট্যান্ট)। একই এলাকার কালিগঞ্জের বড়ইতলায় তাঁর চেম্বার। বারেক শুধু ওষুধ উৎপাদন ও সরবরাহ করতেন না, বরং রীতিমতো রোগীও দেখতেন। মিটফোর্ড এলাকায় ইসলামিয়া মেডিকেল নামে তাঁর একটি ওষুধের দোকানও রয়েছে। সেখানে তিনি নিজের তৈরি ভেজাল ওষুধ বিক্রি করতেন।কারখানায় গিয়ে দেখা যায়, মেঝেজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য ওরস্যালাইন, ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন উপকরণ ও মোড়ক। পাশে স্তূপাকারে কার্টন। বারেককে আটক অবস্থায় রেখে র্যা ব ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উদ্ধার হওয়া মালামাল তালিকাভুক্ত করেন। তালিকা অনুযায়ী, কারখানা থেকে প্রায় ২০ হাজার পিস ওরস্যালাইন, প্রায় ১০ হাজার পিস টেস্টি স্যালাইন, প্রায় দুই হাজার পিস বেক্সট্রাম গোল্ড, প্রতিটির প্রায় এক হাজার পিস ডিরেক্স ক্যাপসুল ও এ টু জেড গোল্ড, প্রায় ৫০০ পিস মেলকামসহ বিভিন্ন প্রকারের ওষুধ উদ্ধার করা হয়।
আটক অবস্থায় এম এ বারেক প্রথম আলোর কাছে স্বীকার করেন, ভিজিটিং কার্ডে দেওয়া সব ডিগ্রি ভুয়া। ২০১০ সাল থেকে তিনি এ ব্যবসা শুরু করেন। ওই সময় অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া ব্যবসার অভিযোগে পুলিশ তাঁর দক্ষিণ কেরানীগঞ্জের ক্লিনিক বন্ধ করে দেয়। কিছুদিন ব্যবসা বন্ধ রাখার পর চার-পাঁচ মাস আগে পাটুয়াটুলীর ওই কক্ষ ভাড়া নিয়ে আবার ব্যবসা শুরু করেন। তিনি একাই ওষুধ উৎপাদন ও বিপণন করতেন।অভিযান পরিচালনাকারী র্যা ব-১০-এর লালবাগ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বারেক একা করলেও তাঁর কিছু সহযোগী আছে। তাদের ধরতে অভিযান চলছে।