বারোটা বেজেছে সড়কটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি কুমিল্লা নগরের রেলস্টেশন মোড় থেকে গতকাল তোলা l প্রথম আলো
ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি কুমিল্লা নগরের রেলস্টেশন মোড় থেকে গতকাল তোলা l প্রথম আলো

পশ্চিম বাগিচাগাঁও। কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এক আবাসিক এলাকা। এখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। এ ছাড়া আছে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল, জেলা ফায়ার সার্ভিস অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
পশ্চিম বাগিচাগাঁও বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম রেলস্টেশন সড়ক। আগে এই সড়ক দিয়ে শুধু রিকশা, ভ্যান, অটোরিকশা চলত। কিন্তু এখন সেই ছোট সড়ক দিয়েই চলছে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপের মতো বড় বড় যানবাহন। এর ফলে সড়কটির বারোটা বেজেছে। ইতিমধ্যে দেবে গেছে এর অনেক অংশ।
জানা গেছে, কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ চলছে। এ কারণে বিকল্প পথ হিসেবে পশ্চিম বাগিচাগাঁও এলাকার রেলস্টেশন সড়কটি ব্যবহার করছে বড় যানবাহন। এলাকাবাসী বলছেন, আগে দরকার ছিল শাসনগাছার বাদশা মিয়ার বাজার থেকে ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত রেলস্টেশন সড়কটি মেরামত করে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা। কিন্তু তা না করেই শুরু হয়েছে ওভারপাস নির্মাণকাজ। এতে সব গাড়ি আবাসিক এলাকার সড়ক ব্যবহারে বাধ্য হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, ডায়াবেটিক হাসপাতালের দক্ষিণ পাশের সড়ক দেবে পানি জমে আছে। সেখানে বড় বড় গর্ত। এর লাগোয়া অংশে ফেটে গেছে সড়ক। পশ্চিম বাগিচাগাঁও মসজিদ থেকে রেলস্টেশন পর্যন্ত কয়েক শ ছোট-বড় গর্ত। এসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। সংকীর্ণ সড়কে তিনটি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় যানবাহন ঘুরতে সমস্যা হচ্ছে। সড়কটি দিয়ে একসঙ্গে ছোট আকারের দুটি গাড়ি চলাই কঠিন। অথচ এখান দিয়েই লরি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান চলছে। ডায়াবেটিক হাসপাতালের ফটক থেকে রেলস্টেশনের প্রবেশ মুখ পর্যন্ত আধা কিলোমিটার সড়কের একেবারে বেহাল দশা। এখান দিয়ে হাঁটাই কষ্টকর।
পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ও স্থানীয় দৈনিক রূপসী বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আশিক অমিতাভ বলেন, পশ্চিম বাগিচাগাঁও এলাকার এই সড়ক কোনোভাবেই বিকল্প সড়ক হতে পারে না। কয়েক দিনেই সড়কটির বারোটা বেজে গেছে। এখন এ সড়কে হাঁটাই দায়।
গৃহবধূ আফরোজা বেগম বলেন, ‘এটি সম্পূর্ণ ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। প্রতিদিন শত শত মা এ পথ দিয়েই বাচ্চাদের নিয়ে স্কুলে যান। সবারই এখন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। অথচ কেউ কিছু বলছেও না।’
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজটি করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন বলেন, সিটি করপোরেশনের অনেক আগেই স্টেশন সড়কটি মেরামতের কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তারা কাজ শুরু করতে পারেননি। এ কারণে আবাসিক এলাকার ভেতর দিয়েই ভারী যানবাহন চলছে। তিনি বলেন, কাজ শুরু হয়েছে ২ মে। শেষ হতে দেড় বছর লাগবে।
যোগাযোগ করা হলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ‘কয়েক বছর আগে ভালো করে সড়কটি মেরামত করা হয়েছিল। গত কয়েক দিনে এটির ওপর চাপ পড়েছে।’