স্কুলছাত্রী হাসনা রহমান সিনথিয়ার আত্মহননের ঘটনায় তার পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ দলে দলে সিনথিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছে। গতকাল শুক্রবার সিনথিয়ার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালীর মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে। সিনথিয়ার আত্মহননের ঘটনায় গ্রেপ্তার বখাটে যুবক জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। কাল রোববার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হতে পারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিনথিয়ার আত্মহননের প্রতিবাদে গ্রামবাসী ও স্কুলশিক্ষার্থীরা মিলে আজ শনিবার বারৈখালী বাজারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘সিনথিয়াকে মানুষ এতটাই পছন্দ করত যে, দলে দলে মানুষ তাদের বাড়িতে গিয়ে ভিড় করছে, পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।